২০১২ বিরোধী দলের জন্য হতাশার বছর
বিদায়ী বছরে বিরোধী দলের কর্মকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, ২০১২ সাল ছিল তাদের জন্য হতাশার বছর। তারা বড় কোনো আন্দোলন করতে পারেনি এবং জনগণের সামনে জোরালো কোনো দাবি তুলে ধরতে পারেনি। তাই এটা তাদের জন্য হতাশার বছর।আজ সোমবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।মহীউদ্দীন খান আলমগীর দাবি করেন, ‘আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যঘাটতি দূর করেছি, দেশে সন্ত্রাস দূর করেছি; সার্বিক উন্নয়নের জন্য আমাদের যা কিছু করা দরকার তা করেছি। আমাদের জন্য এটি সফলতার বছর। এই সফলতার ভিত্তিতে আমরা আগামী দিনে কাজ করে যাব।’পরে মন্ত্রী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল হাইস্কুল ও কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন।