২০১২ সাল নাগাদ গ্যাস-সংকট দূর হবে: তৌফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেছেন, আগামী দুই বছরে বিভিন্ন গ্যাসক্ষেত্র থেকে পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা হলে ২০১২ সাল নাগাদ বিদ্যমান গ্যাস-সংকট দূর হবে।আজ মঙ্গলবার রাজধানীতে পাক্ষিক সাময়িকী এনার্জি অ্যান্ড পাওয়ার আয়োজিত ‘গ্যাস খাতের চ্যালেঞ্জ ও বাপেক্সের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় উপদেষ্টা এ কথা বলেন। তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, সরকার ২০১২ সাল নাগাদ গ্যাস উত্তোলন বৃদ্ধি ও সরবরাহ পদ্ধতির উন্নয়নে ব্যাপক কর্মসূচি নিয়েছে। বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে উপদেষ্টা এ ব্যাপারে সরকারের সমন্বিত প্রচেষ্টার কথা বলেন।এসব পদক্ষেপের মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস অনুসন্ধান শাখার সমতা বৃদ্ধি ও বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে কার্যকর চুক্তি করা।তৌফিক-ই-এলাহী চৌধুরী আরও বলেন, সরকার ইতিমধ্যে গ্যাস খাতের ১৩টি প্রকল্প বাস্তবায়নে বাপেক্সের জন্য এক হাজার ৭০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এ ছাড়া নবপ্রণীত দ্রুত বিদ্যুত্ ও জ্বালানি সরবরাহ আইন ২০১০-এর আওতায় আরও প্রকল্প বাস্তবায়নে ৮৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সরকার দ্রুত গ্যাস উত্তোলন ও ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণে সরবরাহ বৃদ্ধির জন্য বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি করছে।এ ছাড়াও সরকার বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানে এক মাসের মধ্যে কোনকোফিলিপসের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। —বাসস ।এ সময় সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোর্তজা আহমেদ ফারুক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ইজাজ হোসেন ও পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন বক্তব্য দেন।