২০১২ সালে করাচিতে সবচেয়ে বেশি হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছর শুরু হতে না হতে রক্তক্ষয়ী সহিংসতা শুরু হয়েছে পাকিস্তানে। গতকাল বৃহস্পতিবার বেলুচিস্তান ও সোয়াত উপত্যকায় একাধিক বোমা হামলায় ১১৪ জন নিহত হয়েছে। এতে ২০১৩ সালটিও সে দেশের জন্য কল্যাণকর কিছু বয়ে আনবে না বলে আশঙ্কা করা হচ্ছে। গত বছর দেশটির বিভিন্ন শহর ও এলাকায় বেশ কিছু বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে জাতিগত দাঙ্গা, রাজনৈতিক সংকট ও নির্বাচনকে সামনে রেখে সহিংস ঘটনায় কেবল করাচিতেই প্রায় দুই হাজার ব্যক্তি নিহত হয়। এ বছর করাচির আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন তথ্য-উপাত্তের বরাত দিয়ে বিশ্লেষকেরা বলছেন, ২০১২ সাল সহিংসতায় প্রাণহানির দিক দিয়ে করাচির জন্য ছিল সবচেয়ে ভয়াবহ বছর।ডন অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ ১৮ কোটি মানুষের দেশ পাকিস্তানের বাণিজ্যের প্রাণকেন্দ্র করাচি। মোট দেশজ উত্পাদনের ২০ শতাংশের জোগান আসে এখান থেকে। দেশটির রাজস্ব আয়ের ৫৭ শতাংশের উত্সও করাচি। জাতীয় রাজনীতিতে এই প্রদেশের সাংসদ রয়েছেন ৩৩ জন।কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ড, সহিংসতা আর হত্যার ঘটনা নিয়ে উদ্বিগ্ন করাচির মানুষ ও প্রশাসন। সকালে কেউ বাড়ি থেকে বের হলে তিনি সুস্থ শরীরে বা প্রাণ নিয়ে ফিরে আসবেন কি না, তা কেউ জানে না। পথে কোনো সহিংস ঘটনায় তাঁর মৃত্যু হতে পারে। এমনই সহিংসতায় একমাত্র সন্তানকে হারানো মা শাহিদা। তিনি বলেন, ‘আমার ছেলে ফয়সাল (১৬) তার বাবার কবর জিয়ারত করতে গিয়েছিল। কিন্তু সে আর ফিরে আসেনি। এসেছিল ব্যাগে ভরা তার ক্ষত-বিক্ষত লাশ।’ ফয়সালকে করাচির লায়ারি জেলায় গুলি করে হত্যা করা হয়। সেখান থেকেই তার লাশ উদ্ধার করা হয়েছিল। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা আন্দাজই করতে পারছেন না ফয়সালের মা। কান্নায় ভেঙে পড়ে শাহিদা বলেন, ‘আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই।’নাগরিক-পুলিশ লিয়াজোঁ কমিটির তথ্য অনুযায়ী, ২০১২ সালে করাচিতে দুই হাজার ১২৪ জন নানা সহিংসতায় প্রাণ হারিয়েছে। গত ২০ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে খারাপ পরিস্থিতি। বিস্ফোরণ, গোষ্ঠীগত সংঘাত, জমি দখল, মাদকদ্রব্য নিয়ে বিরোধ, উগ্রপন্থা, রাজনৈতিক দ্বন্দ্ব ও নৃ-তাত্ত্বিক গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতা এসব হত্যাকাণ্ডের কারণ। পাকিস্তানের মানবাধিকার কমিশন বলছে, গত বছরের প্রথম নয় মাসে এক হাজার ৮০০ ব্যক্তিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর আগের বছর ২০১১ সালে এই সংখ্যা ছিল এক হাজারের মতো। কমিশনের চেয়ারপারসন জোহরা ইউসুফ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের অপ্রতুলতার কারণে করাচির সহিংসতা নিয়ন্ত্রণে আনাটা দিন দিন জটিল হয়ে উঠেছে। এক কোটি ৮০ লাখ মানুষের এই নগরে আইনশৃঙ্খলা রক্ষার জন্য আছে ৩০ হাজারেরও কম পুলিশ সদস্য। পাকিস্তানে চলতি বছরের মে মাসের শেষের দিকে নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচন ঠিকভাবে সম্পন্ন হলে এটি হবে সেনাশাসনের জাতাঁকলে পিষ্ট পাকিস্তানে প্রথমবারের মতো গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর। তবে নির্বাচনে কী হবে, তা নিয়ে উদ্বিগ্ন করাচি বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞানী ফাতেহ মুহাম্মদ বুরফাত। তিনি বলেন, নানা গোষ্ঠী নানা উপায়ে ক্ষমতার দাপট দেখাবে, আর তা দেখানোর একমাত্র উপায় সহিংসতা। করাচির লায়ারি এলাকার অধিকাংশ নিয়ন্ত্রণ করে মুত্তাহিদা কাউমি মুভমেন্ট। দলটি থেকে নির্বাচিত প্রাদেশিক সরকারের মন্ত্রী খাজা ইজহার উল-হাসান বলেন, ‘প্রধান দুর্বৃত্ত হলো আত্মঘাতী বোমা হামলাকারী। এই তালেবান উগ্রবাদীরা যেখানেই থাকুক না কেন স্থানীয় দুর্বৃত্তদের সঙ্গে যোগাযোগ রেখে চলে। তারা এখন মাফিয়া চক্রের মতো। মোবাইল ফোন ছিনতাই থেকে শুরু করে ব্যাংক ডাকাতি—সব কিছুর সঙ্গেই তাদের সংশ্লিষ্টতা আছে।’ সিন্ধু আওয়ামী ন্যাশনাল পার্টির সাধারণ সম্পাদক বশির জান ক্ষমতার রাজনীতির জন্য তালেবানপন্থী মুত্তাহিদা কাউমি মুভমেন্টকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, দলটি গোটা নগরের নিয়ন্ত্রণ নিতে চায়।