২০১২ সালে গড় মূল্যস্ফীতি কমেছে
২০১১ সালের চেয়ে ২০১২ সালে গড় মূল্যস্ফীতি প্রায় অর্ধেকে নেমে এসেছে। আজ মঙ্গলবার রাজধানীর পরিসংখ্যান ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানায়।সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১১ সালে গড় মূল্যস্ফীতি ছিল ১১ দশমিক ৪৩ শতাংশ। ২০১২ সালে গড় মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ২২ শতাংশ হয়েছে।২০০৫-০৬ ভিত্তিবছর ধরে ২০১২ সালের ডিসেম্বর মাসে মূল্যস্ফীতির হার ৭ দশমিক ১৪ শতাংশ। নভেম্বরে ছিল ৬ দশমিক ৫৫ শতাংশ।১৯৯৫-৯৬ ভিত্তিবছর ধরে গত বছরের ডিসেম্বর মাসে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ৬৯ শতাংশ। নভেম্বরে ছিল ৭ দশমিক ৪১ শতাংশ। পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল জানান, প্রচলিত ধারণা অনুযায়ী, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে জিনিসপত্রের দাম আবার বাড়তে পারে। তবে পরিসংখ্যান ব্যুরো তথ্য-উপাত্ত হাতে পাওয়ার পরই মূল্যস্ফীতির প্রকৃত চিত্র তুলে ধরে।ভোক্তার পণ্য ব্যবহারের প্রবণতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে মূল্যস্ফীতি নির্ণয়ের জন্য পণ্যতালিকা পুনর্বিন্যাস হয়। আর এই পণ্যতালিকা পুনর্বিন্যাস করা হয় ভিত্তিবছর পরিবর্তনের মাধ্যমে। প্রতি পাঁচ বছর পর পর ভিত্তিবছর পরিবর্তনের কথা থাকলেও এবার ১০ বছর পর তা করা হলো।