২০১২ সালে দেশে সংযোজিত সিডান কার বাজারে আসছে
২০১২ সালের মধ্যে বাংলাদেশে সংযোজিত সিডান কার বাজারে আসবে। এরই মধ্যে এ ব্যাপারে জাপানের মিটসুবিসি কোম্পানির সঙ্গে প্রগতি ইন্ডাস্ট্রিজের প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রগতি সাশ্রয়ী দামে এসব গাড়ি বাজারজাত করবে।আজ রোববার দুপুরে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাঙ্গণে উপজেলা চেয়ারম্যানদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়ার সময় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ তথ্য জানান। অনুষ্ঠানে দেশের ২০ জন উপজেলা চেয়ারম্যানের হাতে গাড়ির চাবি তুলে দেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।স্থানীয় সরকারমন্ত্রী বলেন, স্বজন-প্রীতি বন্ধ করতে লটারি করে উপজেলা চেয়ারম্যানদের হাতে গাড়ির চাবি দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সব উপজেলা চেয়ারম্যানের হাতে গাড়ির চাবি দেওয়া হবে। উপজেলা চেয়ারম্যানদের ওপর সরকারের অর্পিত দায়িত্ব পালন এবং উন্নয়ন কর্মকাণ্ড মনিটরিং করতে এ গাড়ি সহায়ক হবে।উপজেলা চেয়ারম্যানদের জন্য প্রগতি থেকে সরকার ৪৮০টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে ১৩০টি সরকারকে হস্তান্তর করা হয়েছে। আরও ৫০টি গাড়ি এক সপ্তাহের মধ্যে সরবরাহ করা সম্ভব হবে।