২০১২ সালের মধ্যে রেলওয়েকে লাভজনক করা হবে: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, ২০১২ সালের মধ্যে রেলওয়েকে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। সরকার রেলওয়ের জন্য নতুন সরঞ্জাম সংগ্রহের উদ্যোগ নিয়েছে। প্রয়োজনীয় লোকোমোটিভ, প্যাসেঞ্জার কোচ, ফ্লাটওয়াগন, ব্রেকভ্যান ইত্যাদি সংগ্রহ করা ছাড়াও ইতিমধ্যে লোকবল নিয়োগের কাজ শুরু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহনে নতুন সার্ভিস চট্টলা এক্সপ্রেস চালুর পর মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী আজ সোমবার কমলাপুর রেলস্টেশনে সবুজ পতাকা উড়িয়ে ট্রেনটির যাত্রার উদ্বোধন করেন। নতুন এ সার্ভিসের আওতায় দুটি ট্রেন প্রায় একই সময়ে ঢাকা থেকে চট্টগ্রামে এবং চট্টগ্রাম থেকে ঢাকার পথে ছেড়ে আসবে। এতে প্রতিদিন প্রায় চার হাজার যাত্রী এ রুটে ভ্রমণ করতে পারবে। ট্রেন দুটি বিমানবন্দর, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লাকসাম ও ফেনীতে যাত্রাবিরতি করবে। এতে প্রথম শ্রেণীর এসি ও নন-এসি এবং সুলভ শ্রেণীর আসন ব্যবস্থা রয়েছে।উদ্বোধন শেষে কমলাপুর রেলস্টেশনের ভিআইপি লাউঞ্জে মন্ত্রী বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির প্রাণশক্তি। আমদানি রপ্তানি বাণিজ্যের সিংহভাগই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে হয়ে থাকে। ব্যবসা-বাণিজ্য, পেশাগত কারণ, চিকিত্সা সেবা ছাড়াও নানান কারণে ঢাকা-চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ রুট। যাত্রী পরিবহন সেবা বাড়াতে রেলওয়ের বহরে আরও দুটি ট্রেন আজ যুক্ত হলো। তিনি বলেন, ঢাকা-দিনাজপুর রুটেও শিগগিরই নতুন সার্ভিস চালু করা হবে। সড়ক ও রেলপথ বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খান, বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক টি এ চৌধুরীসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।