২০১৩ সালের মধ্যে আফগান ছাড়বে বিপুল ব্রিটিশ সেনা
ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ড আজ রোববার জানিয়েছেন, সামনের বছর আফগানিস্তান থেকে বিপুলসংখ্যক সেনাকে দেশে ফিরিয়ে নেওয়া হবে। আফগানিস্তান যুদ্ধে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ায় ব্রিটেনে যুদ্ধবিরোধী জনমত এখন চাঙ্গা। হ্যামন্ড বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী এ বছরের শেষে ৫০০ সেনাকে দেশে ফিরিয়ে নিলেও আফগানিস্তানে নয় হাজার সেনা থেকে যাবেন। তিনি আরও বলেন, ২০১৩ সালের মধ্যে কয়েক হাজার সেনাকে ফিরিয়ে নেওয়া হবে। তবে বিশ্লেষকরা ধারণা করছেন, ফিরিয়ে নেওয়া সেনার সংখ্যা সাড়ে চার হাজার পর্যন্ত হতে পারে। ২০১৪ সালে সব ব্রিটিশ সেনার আফগানিস্তান ত্যাগ করার কথা।বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে হ্যামন্ড বলেন, ‘আমি আশা করছি বিপুলসংখ্যক সেনাকে ফিরিয়ে নেওয়া হবে। তবে বেশির ভাগ সেনা দেশটিতে থেকে যাবে।’আফগান যুদ্ধে এ পর্যন্ত কমপক্ষে ৪২৪ জন ব্রিটিশ সেনা প্রাণ হারালেও যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছেন মার্কিন নেতৃত্বাধীন ব্রিটিশ সেনারা।