২০১৩ সালের মধ্যে আসাম সীমান্ত বন্ধ করার দাবি বিজেপির
আসাম-বাংলাদেশ সীমান্ত ২০১৩ সালের মধ্যে বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গত সোমবার বিজেপির পক্ষ থেকে বলা হয়, প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০০৫ সালে ত্রিপক্ষীয় আলোচনায় আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এ ব্যাপারে গত সাত বছরেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিজেপির নেতা ও লোকসভার সাবেক সাংসদ সর্বানন্দ সোনোয়াল বলেন, ‘সরকারকে আগামী এক বছরের মধ্যে ওই অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। আসাম চুক্তি স্বাক্ষরের ২৭ বছর পরও আসাম-বাংলাদেশ সীমান্ত খোলা রাখার কারণ খুঁজে পেতে আমরা ব্যর্থ হয়েছি।’ আসাম রাজ্যের শিবসাগর জেলা শহরে কথিত অভিবাসীদের অনুপ্রবেশ বন্ধের দাবিতে একটি পদযাত্রায় অংশ নেন সোনোয়াল। তিনি বলেন, জম্মু ও কাশ্মীর এবং রাজস্থান এলাকার এক হাজার ৭০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত তিন বছর ধরে বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। সোনোয়াল অভিযোগ করেন, কিন্তু সরকার আসামের ২৭২ কিলোমিটার সীমান্ত বন্ধ করতে ২৭ বছর ধরে ব্যর্থ হয়েছে। এই সীমান্ত বন্ধ করতে বিলম্ব করা হলে বাংলাদেশ থেকে আরও অনুপ্রবেশ ঘটবে। ওই অনুপ্রবেশকারীদের মধ্যে ইসলামি মৌলবাদী এবং আইএসআইয়ের চর থাকার বিষয়টি এখন প্রমাণিত সত্য। এ ধরনের অনুপ্রবেশ ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তাই ওই সীমান্ত এবং অভিবাসন বন্ধ করে দেওয়া জাতীয় দায়িত্ব। টাইমস অব ইন্ডিয়া।