বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার বিতরণ
২০১৩ সালের মধ্যে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যেক মানুষের খাদ্যনিরাপত্তা গড়ে তোলা ও তাদের পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে ২০১৩ সালের মধ্যে দেশকে খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি বলেন, কৃষির অগ্রগতির সঙ্গে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা, জীবনযাত্রার মানোন্নয়ন এবং কর্মসংস্থান প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। খবর বাসসের।প্রধানমন্ত্রী গতকাল রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪১৭’ বিতরণকালে এ কথা বলেন। তিনি বর্তমান সরকারকে কৃষি ও কৃষকবান্ধব হিসেবে উল্লেখ করে বলেন, খাদ্যের বাজার ও উৎপাদন অস্থিতিশীল হওয়ায় যেকোনো প্রতিকূল পরিস্থিতি ও সংকটে ব্যবহারের লক্ষ্যে উদ্বৃত্ত খাদ্য সংরক্ষণ ক্ষমতা দুই থেকে তিন বছর পর্যন্ত বাড়াতে প্রযুক্তিগত সহায়তার জন্য সরকার ইতিমধ্যে জাপান সরকারের সঙ্গে কথা বলেছে।কৃষি উন্নয়নে তাঁর সরকারের নেওয়া ব্যবস্থার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই এ দেশের কৃষক ভালো থাকে। কৃষি খাতে এই প্রথম তাঁর সরকার কৃষকদের জন্য ব্যাংকঋণের ব্যবস্থা, বিশ্ববিদ্যালয় পর্যায়ের ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ কৃষি গবেষণার জন্য বরাদ্দ প্রদান এবং আধুনিক যন্ত্রপাতি চালু করেছে।এ বছর কৃষি, মৎস্য, গবেষণা, কৃষিপণ্যের বাজারজাত প্রক্রিয়ার উন্নয়ন ও এ বিষয়ে জনগণকে উৎসাহিত করতে অবদানের জন্য চার নারী, দুই প্রতিষ্ঠানসহ ২৭ জনকে একটি সনদ, নগদ অর্থ ও পদকসংবলিত এই পুরস্কার দেওয়া হয়।এর মধ্যে কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যান গবেষণাকেন্দ্র ও দুই ব্যক্তিকে স্বর্ণ, সাতজনকে রৌপ্য ও ১৭ জনকে ব্রোঞ্জ পদক দেওয়া হয়।কৃষিতে নারীর অংশগ্রহণে অবদানের স্বীকৃতি হিসেবে নরসিংদীর রায়পুর উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সাবিকুন নাহার এবং কৃষি সমপ্রসারণে অবদানের জন্য সিলেটের বিশ্বম্বরপুরের উপজেলা কৃষি কর্মকর্তা এস এম আফসারুজ্জামান স্বর্ণপদক লাভ করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস এবং পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বক্তৃতা করেন।কৃষিসচিব মনজুর হোসেন পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের পরিচিতি উপস্থাপন করেন।রৌপ্য পদকপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির কৃষিবিজ্ঞান বিভাগের পরিচালক এ কে এম জাকারিয়া, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) ডাল ও তেলবীজ গবেষণাকেন্দ্রের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দেলোয়ার হোসেন (মরণোত্তর), রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দ গ্রামের আনিসা বেগম, শরীয়তপুরের উপসহকারী উদ্যান গবেষণা কর্মকর্তা মফিজুল ইসলাম, রংপুরের পীরগঞ্জের উপসহকারী কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন, কুমিল্লার বুড়িচংয়ের উপসহকারী কর্মকর্তা মামুনুর রশীদ ও গাইবান্ধার সাঘাটার বোবিন্দির এম সুজাউদ্দৌলা। ব্রোঞ্জ পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ময়মনসিংহের রাঘবপুরের পুলিয়ামারির এ কে এম নুরুল হক, চাঁদপুরের ফরিদগঞ্জের নেছার আহমেদ, গাইবান্ধার নকিয়াহাটের শওকত আলী, নোয়াখালীর হাজিরহাট ধরমপুরের শাহেদুর রহমান, ঢাকার কেরানীগঞ্জের নতুনচরের আনোয়ারা, পাবনার জয়নগরের নুরুন্নাহার, মৌলভীবাজারের কুলাউড়ার আশিষ কুমার পাল, হবিগঞ্জের শাহজিবাজারের এ টি এম নাছিমুজ্জামান, লক্ষ্মীপুরের নিজামউদ্দিন, জামালপুরের সরিষাবাড়ীর কৃষি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, নওগাঁর এইডির উপপরিচালক আব্বাস আলী, পাবনার ঈশ্বরদীর আটঘরিয়ার হাবিবুর রহমান, রাজশাহীর পুটিয়ার আলোপাড়ার মিজানুর রহমান, রাজশাহীর গোদাগাড়ির কৃষি কর্মকর্তা সাইফুল আলম, সিলেটের দক্ষিণ সুরমার চর মোহাম্মদপুরের আবুল মিয়া, সাতক্ষীরার উপসহকারী কৃষি কর্মকর্তা রঘুজিৎ কুমার গুহ ও যশোরের ঝিকরগাছার বিষ্ণুপুরের মোকাররম হোসেন।প্রধানমন্ত্রী বলেন, কৃষকেরা যাতে পণ্যের ন্যায্যমূল্য পায়, সে লক্ষ্যে সরকার অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। চলতি অর্থবছরে কৃষিঋণের পরিমাণ ১৩ হাজার ৮০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। গত বছর এর পরিমাণ ছিল ১২ হাজার ১৬৫ কোটি টাকা। প্রধানমন্ত্রী বীজ ব্যাংক স্থাপনের লক্ষ্যে সার্ক চুক্তির কথা উল্লেখ করে বলেন, আঞ্চলিক বীজ ব্যাংক সার্ক দেশগুলোর মধ্যে কৃষি খাতে সহযোগিতা জোরদার করবে।