২০১৩ সালের মধ্যে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার ঘোষণা অর্থমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ২০১৩ সালের মধ্যে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা অর্জনের কথা ঘোষণা করেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের চলতি অধিবেশনে ২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেট বক্তৃতাকালে এ লক্ষ্যমাত্রা অর্জনের কথা ঘোষণা করেছেন।অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় এ লক্ষ্যমাত্রা অর্জনে বেশকিছু পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করেন। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে ক্ষুদ্র সেচব্যবস্থা সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন, হাওর এলাকার পানি অপসারণ, গুণগতমান ও উচ্চফলনশীল জাতের বীজ উত্পাদন, সংরক্ষণ ও বিতরণ এবং অঞ্চল, পরিবেশ ও জলবায়ু ভেদে উপযুক্ত ফসলের জাত উন্নয়ন ও তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া।এদিকে সরকার ২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেটে কৃষি খাতে সাড়ে চার হাজার কোটি টাকা ভর্তুকির প্রস্তাব করেছে। সরকার ২০১০-১১ অর্থবছরে কৃষিতে পাঁচ হাজার ৭০০ কোটি টাকা ভর্তুকির ঘোষণা দিয়েছিল। কিন্তু চলতি বছরে নন-ইউরিয়া সারের দাম কয়েক দফা কমানোয় এ পর্যন্ত সরকার এ খাতে প্রায় চার হাজার ৮৯২ কোটি টাকা ভর্তুকি দিয়েছে।অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় বলেন, ‘আমাদের সরকার খাদ্য উত্পাদন বৃদ্ধি এবং ন্যায্যমূল্যে কৃষি উপকরণের সরবরাহ নিশ্চিত করতে কৃষিতে ক্রমাগতভাবে ভর্তুকি প্রদান অব্যাহত রেখেছে।’ সরকার ক্ষমতা গ্রহণের পর এ পর্যন্ত তিনবার টিএসপি, এমওপি ও ডিএপি সারের দাম হ্রাস করেছে বলে তিনি উল্লেখ করেন।অর্থমন্ত্রী আরও বলেন, ২০১০ সালের অক্টোবরে টিএপির দাম পুনর্নির্ধারণ করে প্রতি কেজি ২২ টাকা, এমওপি প্রতি কেজি ১৫ টাকা এবং ডিএপি প্রতি কেজি ২৭ টাকায় নির্ধারণ করা হয়েছে। বাসস।