বেকার চা-শ্রমিকদের জন্য বর্তমান সরকার পর্যায়ক্রমে তিন মাসের রেশন প্রদানের কাজ শুরু করেছে। ২০১৩ সালের মধ্যে কমলগঞ্জ উপজেলায় শতভাগ স্যানিটেশন নিশ্চিত করা হবে। জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ এম এ শহীদ ৩ মে সকালে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃত্তিঙ্গা চা-বাগানে স্যানিটেশন-বিষয়ক উপজেলা ওয়াটসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্যানিটেশন, স্বাস্থ্য, শিক্ষা এবং পানি সরবরাহ (জিওবি-ইউনিসেফ) প্রকল্পের ফিল্ড এজেন্সি হিড বাংলাদেশের উদ্যোগে এ মেলার উদ্বোধন করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওয়াটসন কমিটির সভাপতি প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে হিড বাংলাদেশ কমলগঞ্জের ওয়াটসন-বিষয়ক কর্মকর্তা রতন কুমার গাইন এ অনুষ্ঠান পরিচালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপিএইচই মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সোহরাব হোসেন, হিড বাংলাদেশের নির্বাহী পরিচালক এলগিন সাহা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোসাদ্দেক আহমদ, সাধারণ সম্পাদক রফিকুর রহমান, রহিমপুুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমদ, মৃত্তিঙ্গা চা-বাগানের ব্যবস্থাপক সুজিত কুমার সাহা, দেওড়াছড়া চা-বাগানের ব্যবস্থাপক মো. সিরাজউদ্দৌলা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জনসচেতনতা মূলক নাটক নিরাময় মঞ্চস্থ করা হয়।