২০১৩ সালের মধ্যে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরিত হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, ২০১৩ সালের মধ্যে বাংলাদেশ সচিবালয় রাজধানীর শেরেবাংলা নগরে স্থানান্তরিত হবে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে আজকের অধিবেশন শুরু হয়।সাংসদ এ বি এম গোলাম মোস্তফার এক প্রশ্নের জবাবে আবদুল মান্নান খান জানান, মিথ্যা হলফনামা দিয়ে কেউ রাজউকের কাছ থেকে প্লট নিয়েছেন কি না, তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে বিবেচনাধীন। ২০১৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করার সময় নির্ধারণ করে প্রস্তাব চূড়ান্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।সাংসদ হাফিজ উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা ২০০৪-এর আওতায় বাংলাদেশে নিবন্ধিত হাউজিং প্রতিষ্ঠান ৯৬টি এবং ডেভেলপার প্রতিষ্ঠান ১০টি। একই প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা-২০০৪ ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন-২০০০ লঙ্ঘন করায় এখন পর্যন্ত ২২টি মামলা হয়েছে।