২০১৩ হবে এ সরকারের মরণ সাল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘২০১২ ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বছর, আর ২০১৩ হবে এ সরকারের মরণ সাল।’আজ বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় মওদুদ আহমদ এ কথা বলেন। তিনি বলেন, ‘এ সরকারের সময় শেষ হয়ে এসেছে। তাই প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রীরা আলোচনার নামে যতই বিভ্রান্তি ছড়াক, ২০১৩ সালে অবশ্যই জনগণের বিজয় হবে।তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার আহ্বান সম্পর্কে মওদুদ আহমদ বলেন, ‘আমরা তো আলোচনা করতে চাই। কিন্তু তার আগে আপনাদের (সরকার) ঘোষণা দিতে হবে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন করতে রাজি আছেন। এ ঘোষণা দিলে অবশ্যই আমরা আলোচনায় অংশগ্রহণ করব।’মওদুদ বলেন, ‘আমাদের পরিষ্কার বক্তব্য, কোনো দলীয় বা বহুদলীয় সরকার অথবা এই রাষ্ট্রপতির অধীনে আমরা কোনো নির্বাচনে অংশ নেব না। জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য তাঁরা আলোচনার কথা বলেছেন।’ তিনি বলেন, ‘সরকার যদি মনে করে জনগণকে বিভ্রান্ত করে আমাদের আন্দোলনকে স্তিমিত করবে বা অন্যদিকে নেওয়া চেষ্টা করবে; তাতে কোনো লাভ হবে না।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের পর কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর লেখালেখি করছে বলে মন্তব্য করেন মওদুদ। তিনি বলেন, ‘অনেক সংবাদপত্র বলা শুরু করেছে, বোধ হয় সমঝোতার দ্বার উন্মুক্ত হয়ে গেছে। আসলে সমঝোতার কোনো দ্বার এ সরকার উন্মুক্ত করেনি। তাদের নিয়ত ঠিক নেই। তাই তাদের আগে বলতে হবে, তারা সংবিধান সংশোধন করে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারেরব্যবস্থা করবে। এ ঘোষণার পরই কেবল আলোচনা বা সমঝোতার প্রশ্ন আসে।’ আলোচনায় আরও অংশ নেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লা বুলু, দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক প্রমুখ।