২০১৪ সালের মধ্যে দেশ শত ভাগ সাক্ষর হবে: আফছারুল আমীন
প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক মন্ত্রী আফছারুল আমীন বলেছেন, ২০১১ সালের মধ্যে সব শিশুকে স্কুলে নিয়ে আসা হবে এবং ২০১৪ সালের মধ্যে দেশের সব মানুষকে অক্ষরজ্ঞানসম্পন্ন করা সম্ভব হবে। সরকার এ লক্ষ্যেই কাজ করছে। দেশে প্রাথমিক বিদ্যালয়বিহীন কোনো গ্রাম থাকবে না। আজ শুক্রবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সানারপাড়া এলাকায় শিশু শিক্ষা ও সাক্ষরতা জরিপ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ. কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আবদুল্লাহ আল কায়সার হাসনাত, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক আবদুল মজিদ শাহ আকন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাহবুবুল ইসলাম প্রমুখ। আফছারুল আমীন বলেন, দেশের সব শিশু এখনো বিদ্যালয়ে যায় না। ৯০ শতাংশ শিশু বিদ্যালয়ে যাচ্ছে। কেন সবাই বিদ্যালয়ে যাচ্ছে না, তা জানতে এবং শিশুদের যাবতীয় তথ্য সংগ্রহের জন্য শিশু শিক্ষা ও সাক্ষরতা জরিপ শুরু হয়েছে। চার দিনের মধ্যে জরিপের কাজ শেষ হবে। শিশুরা যাতে স্কুলে যেতে আগ্রহী হয়, সে জন্য টিফিনের ব্যবস্থাও করা হচ্ছে। জরিপ শেষে পারিবারিক অবস্থা ও পরিবারের সঠিক সদস্যসংখ্যা নির্ণয় করে তাদের উপবৃত্তি বা আর্থিক সহায়তা দেওয়া হবে। সরকার এবার উপবৃত্তির সংখ্যা ৪৮ লাখ থেকে বাড়িয়ে ৮০ লাখ করেছে। আগে সরকার মার্চ-এপ্রিলের আগে শিশুদের বই দিতে পারত না। কিন্তু আমরা জানুয়ারিতেই স্কুলগুলোতে বই পৌঁছে দিয়েছি।