২০১৫ সালের মধ্যে এমডিজি অর্জনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল দেশগুলোর জন্য উন্নত দেশগুলোকে বর্ধিত সহায়তা দেওয়ার অঙ্গীকার করার আহ্বান জানিয়েছেন।গতকাল সোমবার জাতিসংঘ সদর দপ্তরে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা-সংক্রান্ত (এমডিজি) শীর্ষ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতিসংঘের সহায়তায় ‘নিজেদের জন্য এমডিজি চাহিদা, মূল্যায়ন ও ব্যয়’ শীর্ষক একটি প্রতিবেদন প্রণয়ন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯-২০১৫ সাল মেয়াদে সহস্রাব্দ উন্নয়নের সব লক্ষ্য অর্জনে বাংলাদেশের দুই হাজার ২১০ কোটি ডলার প্রয়োজন। তিনি বলেন, ‘বাংলাদেশ বৈদেশিক সহায়তা প্রত্যাশা করলেও সহায়তার অভাবে কখনো আমাদের কর্মসূচি থেমে থাকেনি। আমরা আমাদের অভ্যন্তরীণ প্রয়াস চালিয়ে যাচ্ছি।’প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ২০১৫ সালের মধ্যে এমডিজি অর্জনে অবদান রাখতে অঙ্গীকারবদ্ধ। উন্নত বিশ্বও এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, তাই এমডিজি বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান ব্যবধান ঘোচাতে সহায়তা প্রদানের মাধ্যমে তাদের আন্তরিকতার প্রমাণ রাখতে হবে।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ২০২১ সালের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, ২০১৫ সালের মধ্যে শত ভাগ শিশুর স্কুলে ভর্তি নিশ্চিত, ২০১৫ সালের মধ্যে শিক্ষার সব পর্যায়ে জেন্ডার বৈষম্যের অবসান, ২০২১ সালের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ডে মহিলাদের অংশগ্রহণ ৪০ শতাংশে উন্নীত, ২০২১ সালের মধ্যে প্রসূতির মৃত্যুহার ও শিশুর মৃত্যুহার হাজারে ১৫-তে হ্রাস, ২০২১ সালের মধ্যে গড় আয়ু ৭০ বছরে উন্নীত, ২০১১ সালের মধ্যে সবার জন্য নিরাপদ খাওয়ার পানি সরবরাহ এবং ২০২১ সালের মধ্যে জাতীয় আইসিটি নীতি বাস্তবায়ন করে বৈশ্বিক যোগাযোগ স্থাপন করার মাধ্যমে একটি ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ে তুলতে চাই।’প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বৃদ্ধি পেলে আমাদের ভূভাগের এক-চতুর্থাংশ তলিয়ে যাবে, তিন কোটি লোক বাস্তুচ্যুত হবে এবং ২০১৫ সালের পরবর্তী একটি দারিদ্র্যমুক্ত পরিবেশ বজায় রাখা কঠিন হবে। তিনি বলেন, এ পরিস্থিতিতে শিল্পোন্নত দেশগুলোর গ্রিনহাউস গ্যাস নিঃসরণের কারণে বাংলাদেশে প্রতি সাতজনে একজন হবে ‘জলবায়ু অভিবাসী’। তিনি বলেন, দুঃখজনক যে জলবায়ু ফোরামের বিতর্কে অভিযোজন, প্রভাব লাঘব, প্রযুক্তি হস্তান্তর, গ্রিন তহবিল এবং ‘জলবায়ু অভিবাসীদের’ দুর্দশার প্রসঙ্গ পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। তিনি উদ্ভূত এই চ্যালেঞ্জের ব্যাপারে সংবেদনশীল হতে এবং তাদের পুনর্বাসনে নতুন উপায় সন্ধান করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব বান কি মুন তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।দিনের ব্যস্ত কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানকারী মহিলা প্রতিনিধিদের সম্মানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।—বাসস