২০১৫ সালের মধ্যে বাংলাদেশ-তুরস্কের ৩ বিলিয়ন ডলার বাণিজ্য হবে: তুরস্কের প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের প্রধানমন্ত্রী রেসিপ তাইয়িপ এরদোগান বলেছেন, ২০১৫ সালের মধ্যে বাংলাদেশের সঙ্গে তুরস্কের বাণিজ্য তিন বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে সব ধরনের উদ্যোগ নেবে তাঁর দেশ। আজ রোববার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে তিনি এ কথা বলেন।রেসিপ তাইয়িপ এরদোগান আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে তুরস্কের ২০০২ সালের ৪৭ মিলিয়ন ডলারের বাণিজ্য, ২০০৯ সালে ৬৫৮ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে এবং আমরা তা ২০১৫ সালের মধ্যে তিন বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে চাই। সাক্ষাত্কালে তুরস্কের প্রধানমন্ত্রী ভবিষ্যতে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাবে বলে রাষ্ট্রপতিকে অবহিত করেন।’রাষ্ট্রপতি তুরস্কের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে অত্যন্ত চমত্কার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান। তিনি বলেন, ‘আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্ক বাংলাদেশে আপামর জনসাধারণের কাছে পরিচিত। এ ছাড়া আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁকে নিয়ে কবিতা লিখেছেন। বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক ঐতিহাসিক।’রাষ্ট্রপতি গত বছর তুরস্ক সফর এবং তুরস্কের রাষ্ট্রপতির এ বছর বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন। তিনি বলেন, এ সফরের মধ্যে দিয়ে ভ্রাতৃপ্রতীম দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হয়েছে।তুরস্কের প্রধানমন্ত্রী রেসিপ তাইয়িপ এরদোগান তাঁর এবং তাঁর সফরসঙ্গীকে বাংলাদেশে আন্তরিক ও উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তা প্রদান করায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।সাক্ষাত্কালে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ ফারুক খান, তুরস্কের উপপ্রধানমন্ত্রী আলী ন্যাবাকান, তুর্কি-বাংলাদেশ জয়েন্ট কমিশন ফর ট্রেড, ইকোনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশনের কো-চেয়ার ও প্রতিমন্ত্রী মেহমেদ উদ্দিন, অর্থমন্ত্রী মেহমেদ সিনসেক, খনিজ ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী ট্যানার ইলদিজসহ দুই দেশের রাষ্ট্রদূত ও পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।