২০১৫ সালের মধ্যে ৯০২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা টার্গেট নির্দিষ্ট করেছি ২০১৫ সালের মধ্যে নয় হাজার ২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করব।’আজ বৃহস্পতিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ১৭তম দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘একদিকে চারদলীয় জোটের পাঁচ বছরে ব্যাপক দুর্নীতি-লুটতরাজের জন্য অনেকের চরিত্রই নষ্ট হয়ে গেছে। আর পরবর্তীকালে তত্ত্বাবধায়ক সরকার আসার পর তারা যে দুর্নীতি-বিরোধী অভিযান বা এটা-সেটা করতে যেয়ে নানা ধরনের উদ্ভট-উদ্ভট কাজ করে সকলের ভেতর একটা ভয়-ভীতি ঢুকিয়ে দিয়েছে; তাতে একটা স্থবিরতা দেখা গেছে। গ্যাস বিদ্যুৎ, কয়লা বিদ্যুৎ, সোলার বিদ্যুৎ, বায়ু বিদ্যুৎকেন্দ্রসহ এ ধরনের যত রকমের সুবিধা পাওয়া যায়, সবগুলোই গ্রহণ করে দ্রুত বিদ্যুৎ সমস্যা সমাধানের পদক্ষেপ আমরা গ্রহণ করেছি।’প্রধানমন্ত্রী আরও জানান, ‘আমরা দরিদ্র মানুষের উন্নয়ন চাই। আমরা তেলা মাথায় তেল দিতে চাই না। যারা অর্থ-সম্পদের মালিক হয়ে গেছেন, এখন দরিদ্র মানুষগুলোকে আমরা কীভাবে সাহায্য করব, কীভাবে সমাজে প্রতিষ্ঠিত করব, সেটাই আমাদের লক্ষ্য। কাজেই এখানে যারা ভূমিহীন, যারা প্রান্তিক, যারা দরিদ্র তাদের কথা চিন্তা করেই প্রতিটি পদক্ষেপ আমরা হাতে নিয়েছি। শুধু প্রবৃদ্ধি অর্জন করলেই চলবে না, সেই প্রবৃদ্ধির ফসলটা সাধারণ মানুষ যেন পায়, সেটাই আমাদের নিশ্চিত করতে হবে।’এরপর তিনজন দেশবরেণ্য গুণীকে অর্থনীতি সমিতি সম্মাননা প্রদান করে। যাদের এ সম্মাননা দেওয়া হয়েছে তাঁরা হলেন স্বদেশ রঞ্জন ঘোষ, শাহ এ এম এস কিবরিয়া এবং সাংবাদিক বজলুর রহমান।