২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন হিলারি!
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারেন বলে আভাস দিয়েছেন তাঁর স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। গত শনিবার রাতে সেন্ট লুইয়ে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের (সিজিআই) অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় এমন আভাস দেন বিল ক্লিনটন।এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় এই সাবেক প্রেসিডেন্ট বলেন, ২০১৬ সালে দেশটির জনগণ ভালো কাউকে প্রেসিডেন্ট নির্বাচনের সুযোগ পাবেন।ক্লিনটনের এই বক্তব্যের পর উপস্থিত সবাই তুমুল করতালি দেন। তাঁরা ধরে নেন, এই ভালো প্রেসিডেন্ট প্রার্থী বলতে হিলারি ক্লিনটনকেই ইঙ্গিত করেছেন তাঁর স্বামী।ক্লিনটন বলেন, ‘আমি নিশ্চিত, কিছু মেধাবী মানুষ দেশটির প্রেসিডেন্ট হতে উদগ্রীব।’চলতি বছরের ফেব্রুয়ারি শেষের দিকে পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়েন হিলারি ক্লিনটন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের অন্যতম সফল এই সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে দেশটিতে আলোচনা চলছে। এ ব্যাপারে এখনো সুনির্দিষ্ট করে কিছুই জানাননি হিলারি।