ইংল্যান্ডের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে জাতীয় দল থেকে বাদপড়া রকিবুল হাসানের সেঞ্চুরিতে কোনোমতে মান বাঁচিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ‘এ’ দল ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম থেকেই ধুঁকতে থাকে। জুনায়েদ, মেহরাব, আশরাফুল, শামসুর রহমানরা তাড়াতাড়ি বিদায় নিলে ইংলিশ বোলারদের বিপক্ষে একমাত্র রকিবুল হাসান প্রতিরোধ গড়ে তোলেন। রকিবুল ধীরস্থিরভাবে ঠান্ডা মাথা খেলে দলের বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন। তিনি ১৫টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১০৭ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশ ‘এ’ দলের পক্ষে রকিবুল ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ শামসুর রহমানের ২২।‘এ’ দলের অধিনায়ক মো. আশরাফুলের ব্যর্থতার ধারা বজায় রইল আজও। দল থেকে বাদ পড়ার স্বার্থকতাই যেন তিনি আজ আবার প্রমাণ করলেন। জাতীয় দলে অনেক দিন ধরেই তাঁর কোনো অবদান নেই। ‘এ’ দলকেও একইভাবে তিনি দিতে পারলেন না অভিভাবকত্ব। জাতীয় দলের পক্ষে শতাধিক ম্যাচ খেলা একজন ব্যাটসম্যানের এই ব্যর্থতা বেশ করুণভাবেই চোখে পড়ে।