২০২১ সালের মধ্যে পর্যায়ক্রমে সারা দেশে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক বলেছেন, ২০২১ সালের মধ্যে সারা দেশে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বিদ্যুৎবিহীন সব গ্রামে পর্যায়ক্রমে বিদ্যুৎ দেওয়া হবে। জাতীয় সংসদে আজ রোববারের অধিবেশনে জাতীয় পার্টির মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।এনামুল হক বলেন, ২০২১ সালের মধ্যে সারা দেশে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যকে সামনে রেখে আগামী ২০১৫ সাল নাগাদ বিদ্যুৎ উত্পাদন বাড়ানোর জন্য গ্যাস-সংকটকে বিবেচনায় রেখে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পাশাপাশি তরল জ্বালানি, কয়লা, ডুয়েল ফুয়েল ও নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে ১১ হাজার ৩০৬ মেগাওয়াট ক্ষমতার নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হচ্ছে। এর বাইরে পুরোনো বিদ্যুৎকেন্দ্রগুলো সংস্কার ও পুনর্বাসন এবং প্রতিবেশী দেশগুলো থেকে বিদ্যুৎ আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে।বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি ও বেসরকারি খাতে ২০১০ সালের মধ্যে ৪১৫ মেগাওয়াট, ২০১১ সালের মধ্যে দুই হাজার ১৮৪ মেগাওয়াট, ২০১২ সালে দুই হাজার ১৩৭ মেগাওয়াট, ২০১৩ সালে এক হাজার ৮৫০ মেগাওয়াট, ২০১৪ সালে এক হাজার ৬৭০ মেগাওয়াট এবং ২০১৫ সালে তিন হাজার ৫০ মেগাওয়াটসহ সর্বমোট ১১ হাজার ৩০৬ মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।এনামুল হক আরও বলেন, প্রতিবেশী দেশগুলো থেকে বিদ্যুৎ আমদানি ও ভবিষ্যতে রপ্তানির লক্ষ্যে কার্যক্রম নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমার থেকে বিদ্যুৎ আমদানির সম্ভাব্য উপায় উদ্ভাবনের লক্ষ্যে কাজ চলছে। বাংলাদেশ-ভারত বিদ্যুৎ বিনিময় কার্যক্রম বাস্তবায়নের জন্য দুই দেশের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত কারিগরি কমিটি কাজ করছে। ইতিমধ্যে ভারতের বহরমপুর থেকে বাংলাদেশের ভেড়ামারা ও ঈশ্বরদী পর্যন্ত সঞ্চালন লাইন নির্মাণের কাজ চলছে। ২০১২ সালের ডিসেম্বর নাগাদ ৫০০ মেগাওয়াট বিদ্যুত্ আমদানি করা সম্ভব হবে।