২০২২ সালের মধ্যে পৃথিবীতে বাঘের সংখ্যা বর্তমানের চেয়ে দ্বিগুণ করার লক্ষ্য সামনে রেখে থাইল্যান্ডের পর্যটন শহর হুয়াহিনে প্রথম এশীয় বাঘ সম্মেলনের মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষ হলো। ১৩টি দেশের (টাইগার রেঞ্জ কান্ট্রি) প্রতিনিধিরা এতে অংশ নেন।আজ শুক্রবার মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল এতে অংশ নেয়। বাংলাদেশের পক্ষ থেকে স্লোগান ছিল, ‘আমাদের জন্যই বন্য প্রাণী সংরক্ষণ প্রয়োজন।’ সম্মেলনে জলবায়ু পরিবর্তন এবং মানুষের আক্রমণে পৃথিবীতে বাঘের সংখ্যা কমে যাওয়ার কথা উল্লেখ করে বলা হয়, বর্তমানে পৃথিবীতে বাঘের সংখ্যা তিন হাজার ২০০টি। ২০২২ সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করতে হলে সব দেশকে একত্রে কাজ করতে হবে। মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বাঘ সংরক্ষণ ও ব্যবস্থাপনায় বাংলাদেশের নেওয়া বাঘ কর্মপরিকল্পনা ২০০৯—১৭ সালের কথা তুলে ধরেন। তিনি বলেন, সুন্দরবনে ৪৫০টি বাঘ রয়েছে। এগুলো সংরক্ষণে বাংলাদেশ সরকার চেষ্টা করে যাচ্ছে। এ ব্যাপারে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা চান তিনি।সম্মেলনে বাংলাদেশ ছাড়াও বাঘের বসবাস রয়েছে এমন অন্য দেশগুলোর মধ্যে চীন, ভারত, রাশিয়া, ভুটান, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, থাইল্যান্ড ও ভিয়েতনাম অংশ নেয়।