২০৩টি দোকান ও হোটেলমালিককে আট লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় মাসে ৩৪টি বাজারে অভিযান চালিয়ে আট লাখ নয় হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মোট ২০৩টি দোকান ও হোটেলে অভিযান চালিয়ে এ টাকা আদায় করা হয়েছে। আজ বুধবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান এবং বাণিজ্যমন্ত্রী ফারুক খান। বাণিজ্যমন্ত্রী বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে আরও আধুনিক ও ডিজিটালাইজড করা হবে। এখন থেকে অধিদপ্তরের দুটি দল এক দিন পরপর বাজারে অভিযান চালাবে। এজন্য ইতিমধ্যে অধিদপ্তরের অর্থবিভাগ ২৩৩টি পদ সৃজনের সম্মতি দিয়েছে। শিগগিরই এ জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বিভাগীয় এবং জেলা পর্যায়ে এ অধিদপ্তরের কার্যক্রম সম্প্র্রসারণ করা হবে। সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশোধন বা পরিমার্জনের কোনো প্রয়োজনীয়তা আছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা করে মতামত দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক যুগ্ম সচিব নাসরিন বেগমকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।