২০৩০ সালে ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ২০৩০ সাল নাগাদ প্রায় ১১ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎকন্দ্র স্থাপন করা হবে। আজ বুধবার সংসদে টেবিলে উত্থাপিত নির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।ফজিলাতুন্নেসা বাপ্পির এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, কয়লাভিত্তিক বিদ্যুেকন্দ্র নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। বড়পুকুরিয়া কয়লাখনির মুখে ২৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট স্থাপনের জন্য বিদ্যুত্ উন্নয়ন বোর্ড থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। এই ইউনিটটি ২০১৫ সাল নাগাদ চালু হবে। পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান ২০১০ অনুযায়ী দেশে উত্পাদিত কয়লা দিয়ে খনিমুখে ২০৩০ সাল নাগাদ প্রায় ১১ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়েকটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।প্রধানমন্ত্রী আরও জানান, কয়লানীতি চূড়ান্ত করার জন্য ১৫ সদস্যবিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি করা হয়েছে। কমিটি পরিবেশগত, ভূতাত্ত্বিক কাঠামো এবং আর্থসামাজিক অবস্থার ওপর প্রভাব বিবেচনা করে এ বিষয়ে সুপারিশ করবে।তাজুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, পাটুরিয়া-গোয়ালন্দ অবস্থানে দ্বিতীয় পদ্মা সেতু এবং ঢাকা-আশুলিয়া দ্বিতল সড়ক (এলিভেটেডে এক্সপ্রেসওয়ে) পিপিপির ভিত্তিতে নির্মাণের জন্য প্রি-কোয়ালিফিকেশন দরপত্র আহ্বান করা হয়েছে। বিনিয়োগকারী নিয়োগ চূড়ান্ত হলে বর্তমান সরকারের মেয়াদেই প্রকল্প দুটির নির্মাণকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।প্রধানমন্ত্রী আরও জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত দ্বিতল সড়ক নির্মাণের জন্য রেলওয়ের ভূমি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন। একই এলাকায় ব্যক্তি মালিকানাধীন ভূমি অধিগ্রহণের জন্য প্রথম পর্যায়ের জরিপ কাজ শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং ইউটিলিটিস স্থানান্তরের জন্য তিন হাজার ২১৬ কোটি ৮৭ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে একটি প্রকল্প একনেক সভায় অনুমোদিত হয়েছে। পিপিপির ভিত্তিতে দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের জন্য বিনিয়োগকারী নিয়োগে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। ১১ মার্চ দরপত্র গ্রহণ করা হবে।কর্ণফুলীর নদীর তলদেশে টানেল নির্মাণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, এ জন্য ১২ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে পরামর্শক নিয়োগের বিষয়টি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদিত হয়েছে। এর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এ বছর শেষ হবে। তিন কিলোমিটার দীর্ঘ এই টানেল নির্মাণে ব্যয় হবে প্রায় চার হাজার ৫০০ কোটি ব্যয় হবে। সময় লাগবে পাঁচ থেকে ছয় বছর।