২১ আগস্ট গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জড়াতে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বিএনপি।গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও সিআইডির দুই কর্মকর্তার নাম উল্লেখ করে বলেন, তাঁরা বিভিন্ন ব্যক্তিকে চাপ দিয়ে এই দুটি ঘটনায় তারেক রহমানকে জড়িয়ে জবানবন্দি আদায়ের চেষ্টা করছেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।মির্জা ফখরুল বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের নামে যেসব মামলা দেওয়া হয়েছে, তার কোনোটির সত্যতা এখন পর্যন্ত প্রমাণ করা যায়নি। তাই সরকার এখন মরিয়া হয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা ও একই বছর চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় তারেককে জড়ানোর চেষ্টা করছে। এ কারণে মামলা দুটির অভিযোগপত্র দিতে অহেতুক বিলম্ব করা হচ্ছে। খালেদা লন্ডনে পৌঁছেছেন: যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরের অংশ হিসেবে গতকাল শনিবার রাতে লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি ২১ মে লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে যাবেন। ২৯ মে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। গতকাল সকালে তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে যাত্রা করেন। বিমানবন্দরে তাঁকে বিদায় জানান বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাংসদরা।বিমানবন্দরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সরকার ও বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া। এতে বাংলাদেশের মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি এবং নারীনীতির মতো বিষয়গুলো স্থান পাবে। এ ছাড়া খালেদা জিয়া লন্ডনে তাঁর ছেলে তারেক রহমানের সঙ্গে সময় কাটাবেন বলেও জানান। রুহুল আলমের বিদেশ যাত্রায় বাধা: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরীকে গতকাল লন্ডনে যেতে বাধা দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, উড্ডয়নের কিছুক্ষণ আগে তাঁকে ও তাঁর স্ত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়।রহুল আলম সাংবাদিকদের বলেন, ‘আমি ও আমার স্ত্রী চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছিলাম। সব আনুষ্ঠানিকতা শেষ করে বিমানে উঠি। এর কিছুক্ষণ পর একজন সাদা পোশাকধারী ব্যক্তি এসে আমাকে বলেন, আপনি যেতে পারবেন না। ওই ব্যক্তি বলেন, ডিজিএফআইয়ের নির্দেশে আপনাকে যেতে দিতে পারছি না। তখন আমি ও আমার স্ত্রী বিমান থেকে নেমে ইমিগ্রেশনে অবস্থান করছিলাম। হঠাৎ তাঁরা বলেন, স্যার আপনার ক্লিয়ারেন্স পাওয়া গেছে, এখন যেতে পারেন। কিন্তু ততক্ষণে বিমান উড্ডয়নের জন্য বোর্ডিং ব্রিজ ছেড়ে গেছে।’