২১ আগস্ট গ্রেনেড মামলা প্রশ্নবিদ্ধ না করার আহ্বান দেলোয়ারের
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা প্রশ্নবিদ্ধ না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। আজ সোমবার দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর প্যারোলে (সাময়িক) মুক্তি বাতিল এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপিকে জড়িয়ে সরকারের অপপ্রচারের প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সমাবেশের আয়োজন করে।খোন্দকার দেলোয়ার বলেন, বিডিআর হত্যাকাণ্ডের মতো এ মামলাকে প্রশ্নবিদ্ধ করা হলে তদন্ত কার্যক্রমের ওপর মানুষের আস্থা থাকবে না। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার স্বচ্ছ বিচার এবং অবিলম্বে কোকোর সাময়িক মুক্তির বাতিল আদেশ প্রত্যাহারের দাবি জানান। তিনি অভিযোগ করেন, প্রতিবাদ সমাবেশে ভীতি ছড়ানোর জন্য সরকার পুলিশকে দিয়ে কড়া প্রহরা বসিয়েছে। সরকারকে আত্মহননের পথ থেকে সরে আসার আহ্বান জানান তিনি।স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খানের সভাপতিত্বে সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী প্রমুখ বক্তব্য দেন।