২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযোগ গঠনের শুনানি স্থগিত
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অভিযোগ গঠনের শুনানি ৯ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন আদালত। আজ রোববার এ বিষয়ে শুনানির দিন ধার্য থাকলেও ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন ৯ অক্টোবর এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন। আদালত সূত্রে জানা গেছে, আসামিপক্ষের আইনজীবীরা মামলার সব কাগজপত্র না পাওয়ায় এবং মামলার আলামত দেখানোর জন্য সময়ের আবেদন করলে আদালত ৩, ৪ ও ৫ অক্টোবর এই তিন দিন সকাল সাড়ে নয়টা থেকে বেলা ১১টা এবং বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আসামি পক্ষের আইনজীবীদের আদালতে এসে আলামত পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত জানিয়েছেন, আগামী তারিখেও যদি সময়ের আবেদন করা হয়, তাহলে তা হবে আদালতের জন্য বিব্রতকর। এ জন্য ন্যায়বিচারের স্বার্থে আদালত ৫ অক্টোবরের পরিবর্তে ৯ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।এদিকে আজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, মতিউর রহমান নিজামী ও আবদুস সালাম পিন্টুসহ কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়।উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা মামলার প্রধান আসামি মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে ২১ আগস্টসংক্রান্ত দুটি মামলার সম্পূরক অভিযোগপত্রে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, সমাজকল্যাণমন্ত্রী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপির সাংসদ শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, ঢাকার ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলাম ও হানিফ পরিবহনের মালিক মো. হানিফকে আসামি করা হয়েছে। এঁরাসহ নতুন করে ৩০ জনকে আসামি করে গত ৩ জুলাই সিআইডি আদালতে সম্পূরক অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এর আগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ১১ জুন মামলা দুটির মূল অভিযোগপত্র দেয় সিআইডি। এতে মুফতি হান্নান ও বিএনপির উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ২২ জনকে আসামি করা হয়েছিল।