২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি পিন্টুর মুক্তি দাবি দেলোয়ারের
২০০৪ সালে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় করা মামলার আসামি বিএনপির সহসভাপতি আবদুস সালাম পিন্টুর মুক্তি দাবি করেছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তাঁর দাবি, ওই মামলায় পিন্টুকে রাজনৈতিক কারণে ফাঁসানো হয়েছে। রিমান্ডের নামে নির্যাতন চালিয়ে এখন পিন্টুর কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে।আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এ দাবি করেন। তাঁর দাবি, ওই মামলার ৪০০ সাক্ষীর মধ্যে আদালতে যে ৬১ জন সাক্ষ্য দিয়েছেন, তাঁরা কেউ গ্রেনেড হামলার ঘটনায় আবদুস সালাম পিন্টুর নাম বলেননি। তার পরও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাঁকে এ মামলায় জড়ানো হয়েছে এবং রিমান্ডের নামে তাঁর ওপর অমানুষিক অত্যাচার করা হয়েছে।হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নান ও মাওলানা আবদুস সালাম আদালতে তাঁদের জবানবন্দিতে গ্রেনেড হামলার ঘটনায় আবদুস সালাম পিন্টুর জড়িত থাকার কথা বলেছে। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব দাবি করেন, জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে।বিএনপির মহাসচিব সংবাদ সম্মেলনে বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করায় সরকারের সমালোচনা করেন। তিনি অবিলম্বে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করে চ্যানেলটি খুলে দেওয়ার আহ্বান জানান।