২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার কাগজপত্র ফটোকপি করার সময় রেকর্ড কিপার আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতের অনুমতি না নিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার কাগজপত্র ফটোকপি করতে গিয়ে ধরা পড়লেন আদালতের সহকারী রেকর্ড কিপার এস এম শাহজাহান। আজ রোববার পুরান ঢাকার আদালতপাড়া থেকে শাহজাহানকে আটক করা হয়েছে।কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলাটির অধিকতর তদন্ত চলছে। ওই মামলার কাগজপত্রের সহিমুহুরির নকল চেয়ে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া আবেদন করেন। কিন্তু আদালত ওই আবেদন নাকচ করে দেন। সহকারী রেকর্ড কিপার শাহজাহান ওই মামলার কাগজপত্র গোপনে ফটোকপি করার সময় পুলিশের হাতে আটক হন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান বলেন, মামলার নথি থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র গোপনে সরবরাহ করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।