২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সাক্ষ্য গ্রহণ ৯ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সাক্ষ্য গ্রহণের দিন পিছিয়েছেন আদালত। আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন ৯ এপ্রিল সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন। রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে সাবেক প্রতিমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাক্ষ্য দেওয়ার জন্য আজ আদালতে হাজির হন। আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করায় আদালত তাঁর সাক্ষ্য গ্রহণ করেননি।২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় (হত্যা ও বিস্ফোরকদ্রব্য) আজ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। এ মামলায় তারেক রহমান, লুত্ফুজ্জামান বাবর, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের শেখ হাসিনার সমাবেশে ওই গ্রেনেড হামলা হয়। এতে দলের ২২ জন নেতা-কর্মী নিহত হন। আহত হন শেখ হাসিনাসহ কয়েক শ ব্যক্তি।