২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ডিউকের জামিন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ওরফে ডিউকের জামিনের আবেদন নাকচ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেন তাঁর জামিনের আবেদনটি নাকচ করে দেন।গত ৩১ আগস্ট ২০১০ এই আদালতে জমা দেওয়া সিআইডির প্রতিবেদনে বলা হয়, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পলাতক আসামি মাওলানা তাজউদ্দিনের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে ডিউকের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এ ছাড়া তাজউদ্দিনকে পাকিস্তানে পালিয়ে যেতে সহায়তাকারী সাবেক গোয়েন্দা কর্মকর্তা লে. কর্নেল (বরখাস্ত) সাইফুল ইসলাম জোয়ার্দারসহ পলাতক আসামিদের সঙ্গেও ডিউকের যোগাযোগ থাকার তথ্যপ্রমাণ পাওয়া গেছে। ওই দিন তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ ডিউককে চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে প্রতিবেদনটি আদালতে দেন।আদালতে দেওয়া সিআইডির প্রতিবেদনে আরও বলা হয়, ডিউকের পাসপোর্ট পর্যালোচনায় দেখা গেছে, তিনি দুবাই গিয়ে বরখাস্ত সেনা কর্মকর্তা সাইফুল ইসলাম জোয়ার্দারের সঙ্গে যোগাযোগ রেখেছেন। জিজ্ঞাসাবাদে ডিউক পলাতক তাজউদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়ে তথ্য দিয়েছেন। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে (২০০১-০৬) ডিউক তাঁর একান্ত সচিব ছিলেন। লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) সাইফুল ইসলাম জোয়ার্দার হচ্ছেন ডিউকের ভায়রা ভাই।উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করা হয়। এতে আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানসহ ২২ জন নিহত এবং আহত হন কয়েক শ নেতা-কর্মী। এ ঘটনায় মতিঝিল থানায় দুটি মামলা হয়।