২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছে জোট সরকারের মদদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি সম্পৃক্ত, তাতে কোনো সন্দেহ নেই। তত্কালীন জোট সরকারের পরিকল্পনায় ও মদদেই এ ঘটনা ঘটেছে।ভয়াল সেই গ্রেনেড হামলার ষষ্ঠ বার্ষিকীতে গতকাল শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে স্থাপিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শেখ হাসিনা এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, গ্রেনেড হামলার তদন্ত চলছে। এ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের বিচার হতেই হবে। নতুবা শান্তি আসবে না।প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১২টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আসেন। তিনি প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে, পরে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে অস্থায়ী বেদিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এরপর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও সভাপতিমণ্ডলীর সদস্যরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াত জোট সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন, তখন দেশে সরকার ছিল। বড় প্রশ্ন, তাদের ভূমিকা কী ছিল। এটা স্পষ্ট যে সরকার হামলাকারীদের রক্ষা করার চেষ্টা করেছিল। সেখানে পুলিশ-গোয়েন্দা সংস্থার শত শত লোক ছিল। তাদের কী ভূমিকা ছিল? একটা হামলাকারীকেও ধরতে পারেনি। বরং আহতদের যারা উদ্ধার করতে এসেছে, তাদের ওপর লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, ‘গ্রেনেড হামলায় আমিসহ অনেক সাংসদ আহত হয়েছিলেন। সংসদে এই বিষয়ে আলোচনা করতে দেয়নি তত্কালীন সরকারি দল। উল্টো অপপ্রচার চালানো হয়েছে, আমি নাকি ভ্যানিটি ব্যাগে গ্রেনেড এনে ফাটিয়েছি। কেউ কেউ বলেছে, আওয়ামী লীগ গ্রেনেড মেরেছে। জোট সরকার প্রতিটি অপকর্ম করে অপপ্রচার চালিয়েছে।’শেখ হাসিনা বলেন, যুদ্ধক্ষেত্রে এসব গ্রেনেড ব্যবহার করা হয়। কোনো দেশের রাজনৈতিক দলের সমাবেশে এভাবে গ্রেনেড হামলার ঘটনা হতে পারে, তা ভাবতেই অবাক লাগে। এর চেয়ে জঘন্য কিছুই হতে পারে না। তিনি আবেগতাড়িত কণ্ঠে বলেন, ‘আমি একটা সেকেন্ডের জন্য বেঁচে গেছি। বক্তৃতা করে নামতে যাব, এমন সময় ফটো সাংবাদিকদের অনুরোধে একটু দাঁড়িয়ে ছিলাম। ভাগ্যক্রমে একটা গ্রেনেড কাছাকাছি পড়ে ফোটেনি। দ্রুত বের হওয়ার সময় আরেকটা গ্রেনেড ফাটে। আল্লাহর অশেষ রহমত ও নেতা-কর্মীরা মানববর্ম করে আমাকে বাঁচিয়ে দিয়েছে।’রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা রাজনীতি করি। কিন্তু প্রতিপক্ষকে হত্যা-নিঃস্ব করে দেওয়ার মনোবৃত্তি রাজনীতিকে কলুষিত করছে। এটা আমরা চাই না।’২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার পর শেখ হাসিনা যে গাড়িতে করে সমাবেশস্থল ছেড়েছিলেন, গতকাল সেই বঙ্গবন্ধু এভিনিউয়ে আসার সময় তাঁর গাড়িবহরে ওই গাড়িটিও ছিল। শেখ হাসিনা সে রকমই অন্য আরেকটি গাড়িতে চড়ে গতকাল অস্থায়ী বেদিতে আসেন। সেখানে এসে তাঁর নিহত রাজনৈতিক সহকর্মী আইভি রহমান, নিহত নেতা-কর্মীদের স্মরণ করলেন। স্মরণ করলেন সেই আদা চাচাকে, যিনি চা বিক্রির ফাঁকে ফাঁকে আওয়ামী লীগের সমাবেশে উপস্থিত থাকতেন।শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে শেখ হাসিনা গ্রেনেড হামলায় আহত ব্যক্তিদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। এ সময় জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আবদুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।সৈয়দ আশরাফুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, মানবতা ও সভ্যতার বিরুদ্ধেও। শেখ হাসিনা ও আওয়ামী লীগের জাতীয় নেতাদের মেরে ফেলার জন্যই ওই হামলা চালানো হয়েছিল।গতকাল সারা দিনই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠন বঙ্গবন্ধু এভিনিউয়ের অস্থায়ী বেদিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানায়।আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, আইনজীবী পরিষদসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠন নীরবতা পালন করে এবং শ্রদ্ধা জানায় অস্থায়ী বেদিতে। সারা দেশে আওয়ামী লীগের কার্যালয়েও নানা কর্মসূচি পালন করা হয় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে।আরও স্মরণ: ছয় বছর আগে ২১ আগস্ট বিকেল পাঁচটা ২২ মিনিটে ভয়ঙ্কর সেই গ্রেনেড হামলা হয়েছিল বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে। গতকাল ষষ্ঠ বার্ষিকীতে ঠিক পাঁচটা ২২ মিনিটেই হামলাস্থলে তৈরি অস্থায়ী বেদিতে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী নির্দিষ্ট সময়ের আগেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু এভিনিউয়ে সমবেত হতে থাকেন। পাঁচটা ২২ মিনিটে বাঁশিতে ফুঁ দিয়ে দলের নেতা-কর্মীরা যে যেখানে অবস্থান করছিলেন সেখানেই দাঁড়িয়ে দুই মিনিট নীরবতা পালন করেন। এরপর মোমবাতি প্রজ্বলন করে অস্থায়ী শহীদ বেদিতে রাখা হয়।এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ প্রমুখ। দিনের প্রথম ভাগে শেখ হাসিনা শ্রদ্ধা জানানোর পরপরই জাতীয় পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, গণতন্ত্রী পার্টিসহ মহাজোটের বিভিন্ন শরিক দলের পক্ষ থেকে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।