২১ আগস্ট গ্রেনেড হামলা: অভিযোগ গঠনের শুনানি আবার পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ নতুন ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি পিছিয়েছেন আদালত। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২১ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।আজ বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন এই তারিখ ধার্য করেন।রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান শুনানি করার জন্য প্রস্তুত বলে আদালতকে জানান।এ সময় আসামিপক্ষের আইনজীবীরা জানান, অভিযোগ গঠনবিষয়ক শুনানির জন্য প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত অনুলিপি না পাওয়ায় তাঁরা শুনানির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারেননি।গত ৩ জুলাই সিআইডি তারেক রহমান, হারিছ চৌধুরী, লুত্ফুজ্জামান বাবর, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ ৩০ জনকে নতুন আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেয়। ওইদিন হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র গ্রহণ করে তারেকসহ পলাতক ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোকি পরোয়ানা জারি করেন হাকিম আদালত।২০০৮ সালের ১১ জুন বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জঙ্গি নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে প্রথম অভিযোগপত্র দেয় সিআইডি। আবদুস সালাম পিন্টুসহ ১৩ জন কারাগারে আটক আছেন। মাওলানা তাজউদ্দিনসহ আটজন পলাতক। আসামি জুয়েল জামিনে আছেন। তবে অন্য মামলায় কারাগারে আটক। মামলা দুটিতে বর্তমানে আসামি ৫২ জন। এর মধ্যে ৩০ জন কারাগারে, দুজন জামিনে ও ২০ জন পলাতক।