২১ আগস্ট গ্রেনেড হামলা: সাব্বিরের চার দিনের রিমান্ড মঞ্জুর
আদালত হরকাতুল জিহাদ (হুজি) নেতা মাওলানা সাব্বিরের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চার দিনের রিমান্ড শেষে আজ সাব্বিরকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করে। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার আদনান তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।আজ বৃহস্পতিবার আদালতে সাব্বিরকে হাজির করে সিআইডি ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আবার সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে।আবেদনে বলা হয়, অধিকতর তদন্তকালে মাওলানা সাব্বিরের বিরুদ্ধে গ্রেনেড হামলার পরিকল্পনা, ষড়যন্ত্র ও তার বাস্তবায়নে জড়িত থাকার সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। সিআইডির জিজ্ঞাসাবাদে সাব্বির গ্রেনেড হামলা সম্পর্কে নিজের সম্পৃক্ত থাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।প্রসঙ্গত, মাওলানা সাব্বির নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের একজন শীর্ষ নেতা ও আফগানিস্তান-ফেরত মুজাহিদ।