২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচার হবেই : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার সুষ্ঠু ও সঠিক তদন্ত হবে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, হামলাকারী যত শক্তিশালীই হোক, তাদের বিচার হবেই হবে। প্রধানমন্ত্রী আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে স্থাপিত অস্থায়ী বেদিতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেন, এসব হত্যাকাণ্ডের বিচার না হলে দেশে শান্তি আসবে না। সরকার এসব হত্যাকাণ্ডের বিচার করে দেশে হত্যার রাজনীতি বন্ধ করতে চায়। আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে নেওয়া নিরাপত্তাব্যবস্থার দুর্বলতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে এসব গ্রেনেড ব্যবহার করা হয়। কোনো দেশের রাজনৈতিক দলের সমাবেশে এভাবে গ্রেনেড হামলার ঘটনা পৃথিবীতে নেই। রাজনৈতিক দলের সমাবেশে শত শত পুলিশ ও গোয়েন্দা থাকার কথা। তাঁরা সে সময় কোথায় ছিলেন?’ তিনি তত্কালীন বিএনপি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেদিন হতাহত ব্যক্তিদের উদ্ধারে এগিয়ে না এসে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করেছে। এতেই প্রমাণিত হয়, তত্কালীন সরকারের মদদে ওই হামলার ঘটনা ঘটেছিল।গ্রেনেড হামলার পর শেখ হাসিনা যে গাড়িতে করে সমাবেশস্থল ছেড়েছিলেন, সে গাড়িতে করেই আজ সেখানে আসেন। শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে নিহত ব্যক্তিদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, আবদুর রাজ্জাক, সুরঞ্জিত সেনগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।