২১ আগস্ট মামলার পরবর্তী শুনানি ৩০ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা সংক্রান্ত মামলায় জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ও জঙ্গি নেতা মওলানা আবু তাহেরের অব্যাহতির আবেদনের শুনানি শেষ হয়েছে। মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের আংশিক শুনানি হয়েছে। আগামী ৩০ অক্টোবর পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যনাল -১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন শুনানি শেষে এ তারিখ ধার্য করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন পুরাতন ভবনের বিশেষ এজলাসে মামলাটির বিচারকাজ চলছে । এই মামলায় তারেক রহমানসহ সম্পূরক অভিযোগপত্রভুক্ত নতুন ৩০ আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগগঠন বিষয়ে শুনানি শেষ করেন গত ৯ অক্টোবর। আসামি পক্ষের শুনানি শুরু হয় ১৩ অক্টোবর। ১৭ অক্টোবর পর্যন্ত লুত্ফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টু, পাকিস্তানি নাগরিক আবদুল মাজিদ ভাট, হরকাতুল জিহাদের নেতা শেখ আবদুস সালাম, আবদুল হান্নান ওরফে সাব্বির ও হাফেজ ইয়াহিয়াসহ মোট ১৪ জন মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।