২১ আগস্টের মামলায় আরও দুই আসামির শুনানি শেষ
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আরও দুই আসামির শুনানি আজ রোববার শেষ হয়েছে।এ নিয়ে অভিযোগের বিষয়ে করা ১৫ জন আসামির আবেদনের মধ্যে ১১ জনের শুনানি শেষ হলো। বাকি চার আসামির শুনানি ১৭ নভেম্বর ধার্য করেছেন আদালত। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ মামলায় বিচারকাজ চলছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুউদ্দিন এ তারিখ ধার্য করেন।আজ যাঁদের শুনানি হয়েছে, তাঁরা হলেন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম ও জঙ্গি নেতা আরিফ হাসান সুমন।এর আগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবর, জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) খোদা বখশ চৌধুরী ও খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউকসহ নয়জনের আবেদনের ওপর শুনানি শেষ হয়।