২১ আগস্টের হতাহতদের পরিবারকে পুনর্বাসনের আশ্বাস
২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতদের উন্নত চিকিত্সা ও নিহতদের পরিবারের পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। আজ বৃহস্পতিবার বঙ্গভবনে এ হামলায় আহত ব্যক্তিরা তাঁর সঙ্গে সাক্ষাত্ করতে গেলে তিনি এই আশ্বাস দেন। এ সময় নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।সাক্ষাত্কালে আহত ব্যক্তিরা তাঁদের প্রাত্যহিক জীবনের দুর্ভোগ ও দুর্দশার কথা রাষ্ট্রপতিকে অবহিত করেন। তাঁরা জানান, ওই নৃশংস ঘটনায় তাঁদের শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টার নিয়ে তাঁরা দুর্বিষহ জীবন যাপন করছেন। তাঁরা উন্নত চিকিত্সার জন্য রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। এই ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা পুনর্বাসনসহ অন্যান্য সহায়তার জন্য আবেদন জানান।জবাবে তাদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, এ বর্বরোচিত ঘটনা জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। ২১ আগস্ট বাংলাদেশ সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে প্রতিনিধিদলে মোল্ল¬া মো. আবু কাওসার, কাজী শাহান আরা ইয়াছমিন, নাছিমা ফেরদৌস, শেখ বজলুর রহমান, শেখ রাইসুল আলম ময়না, নাজিম উদ্দিন, ইয়াসমিন হোসেন, নাজমুল হাসান নাজিম, রাশিদা আক্তার রুমা, সাজেদুল আলম সবুজ, কাজী বেলাল হোসেন, রহিমা ইসলাম রুমি, আইরিন সুলতানা বেবী, খাইরুল বাশার, প্রিয়া, নাজমুল ইসলাম লিটনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।বর্তমান প্রধানমন্ত্রী ও তত্কালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনা ২০০৪ সালের ২১ আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় গ্রেনেড হামলা চালানো হয়। এতে জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ আরও ২৩ জন নেতা-কর্মী নিহত হন। এ ঘটনায় সেদিন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।ওই হামলায় প্রায় ৪০০ জন আহত হন। তাঁদের অনেককে পঙ্গুত্ববরণ করতে হয়েছে।