২১ আগস্টের হামলাকারীদের বাঁচাতে অক্ষত গ্রেনেড ধ্বংস করা হয়: মতিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্টের গ্রেনেড হামলা বিএনপি ও খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের তত্ত্বাবধানে হয়েছে বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। আজ শুক্রবার ‘২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী যুবলীগ বঙ্গবন্ধু এভিনিউয়ে এ আলোচনা সভার আয়োজন করে। মতিয়া চৌধুরী বলেন, ‘ঘটনাস্থল থেকে খুঁজে পাওয়া অক্ষত তিনটি গ্রেনেড কেন ধ্বংস করা হলো? তত্কালীন সরকার, বিশেষ করে খালেদা-তারেক জড়িত ছিল বলেই এ কাজ করা হয়েছিল। কারণ, অক্ষত গ্রেনেডের ওপর হামলাকারীর হাতের ছাপ ছিল। পরীক্ষা করে হামলাকারীদের শনাক্ত করা যেত বলেই তা ধংস করা হয়েছে।’রোজায় বিদ্যুত্ বিভ্রাটকে অনেকটা নাশকতামূলক (সাবোটাজ) উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, ‘বলব না আমরা দেড় বছরে দুধের নদী, ক্ষীরের পাহাড় করেছি। কিন্তু ইফতার, তারাবির নামাজ ও সেহেরির সময় বিদ্যুত্ বন্ধ করতে হবে কেন? আমরা একদিকে বিদ্যুত্ উত্পাদন বাড়ানোর চেষ্টা করিছে। অন্যদিকে কারা এসব করছে সেগুলোও খুঁজে বের করার চেষ্টা করছি।’স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, জাতি এখন ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের চিনতে, দেখতে, বিচার চায়। সরকার জাতির সেই ইচ্ছা পূরণ করবে। এ ঘটনায় খালেদা-নিজামীদের অবশ্যই কাঠগড়ায় দাঁড়াতেই হবে। যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মির্জা আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল, যুবলীগের নেতা হারুন অর রশিদ, মজিবুর রহমান চৌধুরী প্রমুখ।