২১ আগস্টের হামলাকারীদের রক্ষার চেষ্টা হয়েছিল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার করা সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু তত্কালীন বিএনপি-জামায়াত জোট সরকার হত্যাকারীদের রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করে। হামলাকারীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়।শেখ হাসিনা বলেন, হামলার সঙ্গে জড়িত সব আলামত ধ্বংস করা হয়। তদন্তের নামে ওই নারকীয় ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়। আজ শুক্রবার প্রধানমন্ত্রী একুশে আগস্ট উপলক্ষে দেওয়া বাণীতে এসব কথা বলেন। খবর বাসসের। প্রধানমন্ত্রী বলেন, হামলার লক্ষ্য ছিল স্বাধীনতা, গণতন্ত্র, শান্তি ও উন্নয়নের ধারাকে স্তব্ধ করে দেওয়া। তিনি বলেন, হামলার লক্ষ্য ছিল হত্যা, ষড়যন্ত্র, জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতির রাজত্বকে চিরস্থায়ী ও বাংলাদেশকে নেতৃত্বশূন্য করা।শেখ হাসিনা বাণীতে বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একুশে আগস্ট একটি কলঙ্কময় দিন। ২০০৪ সালের এই দিনে আমাকে হত্যার উদ্দেশে প্রকাশ্য দিবালোকে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে চালানো হয় বর্বরতম গ্রেনেড হামলা।’তিনি বলেন, ‘বৃষ্টির মতো গ্রেনেড হামলার মধ্যেও আমাদের নেতা-কর্মীরা মানববর্ম রচনা করে সেদিন আমাকে রক্ষা করেন। আল্লাহ তায়ালার অশেষ রহমত ও জনগণের দোয়ায় আমি সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে যাই। তবে খুনিদের হামলার শিকার হয়ে শাহাদতবরণ করেন আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ আমাদের ২৪ জন নেতা-কর্মী। আহত হন পাঁচ শতাধিক নেতা-কর্মী, সাংবাদিক ও নিরাপত্তাকর্মী। তাঁদের অনেককেই আজও পঙ্গুত্বের অভিশাপ বহন করতে হচ্ছে।’শেখ হাসিনা একুশে আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত ব্যক্তিদের প্রতি গভীর সমবেদনা জানান।বাণীতে শেখ হাসিনা বলেন, ‘সত্যকে কখনো চাপা দেওয়া যায় না। আজ তদন্তের মাধ্যমে বেরিয়ে এসেছে, সেদিনের বিএনপি-জামায়াত জোট সরকারের অনেক পদস্থ ব্যক্তি এই হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল। আমরা আশাবাদী একুশে আগস্টের হামলাকারী এবং এদের নেপথ্য মদদদাতাদের সুষ্ঠু বিচার বাংলার মাটিতে হবে।’