২১ আসামির আত্মসমর্পণ, জামিন আবেদন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা প্রশাসনের নিয়োগ পরীক্ষার কেন্দ্রে হামলার ঘটনায় করা দুটি মামলার আসামিদের মধ্যে ২১ জন আজ রোববার দুটি আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।দুই মামলার এজাহারে নামোল্লেখ থাকা ২১ আসামি বেলা ১১টার দিকে বিচারিক হাকিম লায়লা শারমিন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক পারভেজ শাহরিয়ারের আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিলে দুপুর ১২টার দিকে তাঁদের প্রিজন ভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁদের মুক্তি দাবি করে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা আদালত এলাকা থেকে বিক্ষোভ মিছিল করে শহরের দিকে চলে যায়।আসামিপক্ষের আইনজীবী ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুল আহাদ তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, রাষ্ট্রপক্ষ ম্যাজিস্ট্রেটের ওপর আক্রমণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তুললেও কোনো প্রমাণ দেখাতে পারেনি। শুধু জেলা প্রশাসনের দায়েরকৃত মামলা বিধায় তাঁদের জামিন দেওয়া হয়নি।এদিকে ওই হামলার ঘটনায় পৌর আওয়ামী লীগের ডাকা আজকের জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইসহাক আজ সাংবাদিকদের মোবাইল ফোনে কর্মসূচি প্রত্যাহারের কথা জানান।প্রসঙ্গত, ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষার দুটি কেন্দ্রে হামলা, ভাঙচুর এবং প্রশাসনের কর্মকর্তা ও পরীক্ষার্থীদের লাঞ্ছিত করে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। পরে জেলা প্রশাসন ওই পরীক্ষা স্থগিত করে। এ ঘটনায় জেলা প্রশাসনের দুজন ম্যাজিস্ট্রেট বাদী হয়ে সরকারি কাজে বাধা দান এবং দ্রুত বিচার আইনে দুটি মামলা করেন। মামলা দুটিতে ৩১ জনের নামোল্লেখসহ ছাত্রলীগ ও যুবলীগের অজ্ঞাত শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়।এ দুই মামলায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।