ছয় বছর আগে দেশজুড়ে বোমা হামলার ঘটনায় ঝিনাইদহের একটি মামলায় ২১ আসামির মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের বিষয়ে বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ২১ আসামির সবাইকে খালাস দিয়েছেন। আর কনিষ্ঠ বিচারপতি সাত আসামিকে খালাস ও বাকি ১৪ জনকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।গত রোববার বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিভক্ত রায় দেন। জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ মান্নান মোহন প্রথম আলোকে বলেন, এ অবস্থায় বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি বিষয়টি মীমাংসার জন্য তৃতীয় বেঞ্চে পাঠাবেন। নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে ৬৩টি জেলায় বোমার বিস্ফোরণ ঘটায়। ওই দিন ঝিনাইদহ সদরে ছয়টি স্থানে বোমার বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।২০০৬ সালের ফেব্রুয়ারিতে ওই মামলার রায়ে ঝিনাইদহের বিশেষ ট্রাইব্যুনাল ২১ আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করেন। পরে আসামিদের মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের (ডেথ রেফারেন্স) জন্য হাইকোর্টে আসে। হাইকোর্ট তিন দিন শুনানি নিয়ে গত বৃহস্পতিবার রায় দেওয়া শুরু করেন এবং গত রোববার শেষ করেন। আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ মান্নান মোহন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান। এম এ মান্নান মোহন প্রথম আলোকে বলেন, জ্যেষ্ঠ বিচারপতি ২১ আসামিকে খালাস দিয়েছেন। তবে কনিষ্ঠ বিচারপতি তাঁদের মধ্যে সাতজন আসামিকে খালাস দেন। অপর ১৪ আসামির বয়স বিবেচনায় মৃত্যুদণ্ডের পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান বলেন, বিচারিক আদালত ৪৩ জন সাক্ষীর জবানবন্দি ও ১৬৪ ধারায় দুই আসামির স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে ২১ জনকে মৃত্যুদণ্ড দেন। কিন্তু ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বেচ্ছাপ্রণোদিত নয়, আসামিরা নিজেদের জড়িত করে কিছু বলেননি, ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী না থাকা এবং বিস্ফোরকদ্রব্য আইনের ৩ ধারায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি আসামিদের খালাস দেন। আর কনিষ্ঠ বিচারপতি পুলিশ সাক্ষীর বক্তব্য ও এক সাক্ষীর বক্তব্যের সঙ্গে দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির মিল থাকা এবং পারস্পরিক সাক্ষ্য ও অবস্থা পর্যালোচনা করে ১৪ জনের দণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকি সাতজনকে খালাস দেন। প্রথম আলোর ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক জানান, ২০০৬ সালে ঝিনাইদহে বিচারিক আদালত বিস্ফোরকদ্রব্য আইনের ৩ ও ৩-এ ধারায় ২১ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন। দণ্ড পাওয়া আসামিরা হলেন: তরিকুল ইসলাম ওরেফে রিংকু, মনিরুল ইসলাম ওরফে মখলেছুর রহমান, নাসরুল্লাহ ওরফে শান্ত, রোকনুজ্জামান ওরফে মিথুন, আবু তালেব ওরফে বাবুল আনসারী, মোহন, মামুনুর রশিদ, মুহিদ, মোজাম্মেল হক ওরফে মোজাম, তুহীন রেজা, সবুজ আলী, আমিরুল ইসলাম, ফারুক হোসাইন, মতিন মেহেদী ওরফে মাহাবুব মতিন ওরফে মেহেদী ওরফে মতিনুল হক মণ্ডল, জহিরুল আল মামুন ওরফে চাঁদ, বিল্লাল হোসেন, সদর উদ্দিন, রবজেল হোসেন, আজিজুর রহমান, ইউনুছ আলী ও আজিম উদ্দিন। রায় ঘোষণার সময় তিনজন আসামি মোহন, তুহিন রেজা ও মতিন মেহেদী পলাতক ছিলেন। মতিন মেহেদী পরে অন্যত্র গ্রেপ্তার হন। বাকি দুজন এখনো পলাতক। মতিন মেহেদী ‘আল্লাহর দল’ নামে আরেক জঙ্গি সংগঠনের প্রধান। পুলিশের তদন্তে বেরিয়ে আসে, জেএমবির পক্ষ থেকে ‘আল্লাহর দল’ ওই বোমা হামলায় জড়িত হয়। তখন দণ্ড পাওয়া ব্যক্তিদের বেশির ভাগ ছিল তরুণ। এর মধ্যে কেউ কেউ নবম-দশম শ্রেণীর ছাত্রও ছিল। বয়স বিবেচনাসহ অন্যান্য কারণে হাইকোর্টের কনিষ্ঠ বিচারপতি সাত আসামি জহিরুল আল মামুন, বিল্লাল হোসেন, সদরুদ্দিন, রবজেল হোসেন, আজিজুর রহমান, ইউনুস আলী ও আজিম উদ্দিনকে খালাসের আদেশ দেন।