২১ কিলোমিটারে জোড়াতালির ১০ সেতু
জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক। জেলা শহরে যোগাযোগের জন্য জগন্নাথপুরবাসীর একমাত্র সড়ক। এই সড়কের ২১ কিলোমিটারের মধ্যে রয়েছে ১০টি ঝুঁকিপূর্ণ সেতু। এসব সেতুর আবার অধিকাংশই চলছে জোড়াতালি দিয়ে। ফলে সড়কটি দিয়ে চলাচলকারী উপজেলার প্রায় তিন লাখ মানুষ ঝুঁকি নিয়ে জেলা শহরে যাতায়াত করতে বাধ্য হন। কিন্তু এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। উপজেলাবাসী জানান, তাঁদের জেলা শহরে যোগাযোগের একমাত্র অবলম্বন সড়কটি। একে ১৯৯৯ সালে তত্কালীন পররাষ্ট্রমন্ত্রী মরহুম আব্দুস সামাদ আজাদের প্রচেষ্টায় পাগলা-জগন্নাথপুর রানীগঞ্জ-আউশাকান্দি আঞ্চলিক মহাসড়কে রূপান্তরিত করা হয়। ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত মহাসড়কটি বাস্তবায়ন করতে শতকোটি টাকা ব্যয়ে সড়কের ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়। পরবর্তী সমযে সরকারের পটপরিবর্তনে চারদলীয় জোট সরকার ক্ষমতায় এলে মহাসড়কের কাজ বন্ধ হয়ে যায়। বর্তমান সরকার ক্ষমতায় এসে আবার সড়কটির কাজ শুরু করে।এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সড়কটির জগন্নাথপুর থেকে পাগলা পর্যন্ত ২১ কিলোমিটার অংশে ১০টি ঝুঁকিপূর্ণ সেতু রয়েছে। সেতুগুলো হলো মজিদপুর বেইলি ব্রিজ, খাশিলা বেইলি ব্রিজ, কলকলিয়া বেইলি ব্রিজ, ভমভমি বাজার ব্রিজ, দাঁড়াখাইয়ের দুটি বেইলি ব্রিজ, দরগাপাশা সেতু, আক্তারপাড়ার দুটি সেতু, ছয়হারা সেতু। সরজমিনে দেখা গেছে, জগন্নাথপুর থেকে পাগলা পর্যন্ত যে দশটি ঝুঁকিপূর্ণ সেতু রয়েছে তার মধ্যে দাঁড়াখাই বেইলি ব্রিজটির দুই পাশে জোড়াতালি দিয়ে আরও দুটি ব্রিজ স্থাপন করা হয়েছে। অনুরূপভাবে ভমভমি ব্রিজের অ্যাপ্র্যোচ ভেঙে পড়ায় সেতুর দুই পাশ জোড়াতালি দিয়ে কোনো রকমে কাজ চালানো হচ্ছে। এ ছাড়া কলকলিয়া, আক্তারপাড়া, দাঁড়াখাই সেতুর দু দিকে লোহার পাটাতনগুলো ক্ষয়ে ক্ষয়ে নড়বড়ে হয়ে গেছে। লোহার পাটাতনগুলোর ওপর জোড়া দেওয়া হয়েছে। সেতুগুলোর সামনে সড়ক ও জনপথ অধিদপ্তর ‘ঝুঁকিপূর্ণ সেতু’ সতর্কতামূলক সাইনবোর্ড টানিয়ে দায় সেরেছে। সাইনবোর্ডে আট টনের অতিরিক্ত মাল পরিবহন না করতে যানবাহনচালকদের সতর্ক করা হয়েছে। কিন্তু বিকল্প ও বাধ্যবাধকতা না থাকায় এসব সতর্কতা না মেনেই চালকেরা ঝুঁকি নিয়ে মালামাল পরিবহন করছেন।ট্রাক ড্রাইভার জগন্নাথপুর গ্রামের মজিদ মিয়া বলেন, জগন্নাথপুর-সিলেট সড়কের অবস্থা নাজুক থাকায় জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীদের সব মালামাল এ সড়ক দিয়ে আনতে হয়। এতে পরিবহন খরচ বেশি পড়ে। তাই খরচ কমাতে বাধ্য হয়ে অতিরিক্ত মালামাল আনা হয়।বাসচালক নান্টু রায় বলেন, এসব ভাঙাচোড়া জোড়াতালি দেওয়া সেতুগুলোতে গাড়ি নিয়ে উঠলে আমাদেরই বুকটা কেঁপে ওঠে। সৃষ্টিকর্তার নাম জপ করে সেতু পার হই। এ সড়ক দিয়ে নিয়মিত যাতায়াতকারী যাত্রী জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই গ্রামের তরুণ আইনজীবী আবু তাহের জানান, জগন্নাথপুর থেকে সুনামগঞ্জে গিয়ে দায়িত্ব পালন করতে হলে তাঁকে ওইসব ব্রিজ পার হতে হতো। কিন্তু ওগুলো পার হতে গিয়ে এত ভয় হয় যে একবার গেলে আরেকবার আসতে ইচ্ছা করে না। তাই বাধ্য হয়ে তিনি জেলা শহরেই থাকেন।জগন্নাথপুরের বাসিন্দা নূরুল হক বলেন, জেলা শহরে যোগাযোগের একমাত্র রাস্তা পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ সেতুগুলোর ব্যাপারে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া দরকার। কারণ প্রতিদিন প্রয়োজনের তাগিদে উপজেলার হাজার হাজার মানুষকে জেলা শহরে যেতে হয়। জগন্নাথপুর পৌর এলাকার বাসুদেববাড়ীর বাসিন্দা সুবীর দাস বলেন, ‘জোড়াতালির পুলগুলা পাড় হইতে আমরার বুকটা কাঁইপা উঠে। তাই ডরাইয়া নাইমা পার হই।’ভমভমি বাজারের ব্যবসায়ী ইব্রাহিম আলী বলেন, ‘ঝুঁকিপূর্ণ সেতুগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আমরা বাজারের লোকজন ছুটে গিয়ে দুর্ঘটনাকবলিত লোকজনকে সহায়তা করি।’আক্তারপাড়া বাজারের ব্যবসায়ী সুলতান মিয়া বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ এসব সেতু নতুন করে নির্মাণের দাবি জানিয়ে আসছি। আশা করছিলাম সড়কটি আঞ্চলিক মহাসড়কে রূপান্তরিত হওয়ায় সেতুসহ রাস্তাঘাটের উন্নয়ন হবে। কিন্তু গত দশ বছরে ছয়হারা সেতু নির্মাণ ছাড়া সড়কটির আর কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি।’সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী দেওয়ান আবুল কাশেম নাহীন রেজা জানান, ‘আঞ্চলিক মহাসড়কটির ঝুঁকিপূর্ণ সেতুগুলো চিহ্নিত করা হয়েছে। গুরুত্বপূর্ণ এ রাস্তা চালু রাখতেই আমরা জোড়াতালি দিয়ে ঝুঁকিপূর্ণ সেতুগুলোর কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ ছাড়া ভমভমি বাজারের ঝুঁকিপূর্ণ সেতুতে নতুন সেতু নির্মাণকাজ শুরু হয়েছে।’সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুস সালাম বলেন, ‘ঝুঁকিপূর্ণ সেতুগুলোসহ মহাসড়কের অসমাপ্ত কাজ শেষ করতে আমরা মন্ত্রণালয়ে একটি প্রকল্প পাঠিয়েছি। তা অনুমোদন হলেই কাজ শুরু হবে।’জগন্নাথপুর উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মুক্তাদীর আহমদ বলেন, ‘সড়কটি উপজেলাবাসীর যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ সেতুসহ সড়কের অসমাপ্ত কাজ শেষ করতে আমরা সাংসদ এম এ মান্নানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি।’এ ব্যাপারে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান বলেন, ‘পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কটি চালু করা আমার নির্বাচনী অঙ্গীকার। আমি মহাসড়কটি চালু করতে সওজের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছি। আশা করি, আগামী একনেকের বৈঠকে সেতুগুলো মেরামতসহ মহাসড়কটি চালু করতে যে প্রকল্প রয়েছে তা অনুমোদন হয়ে যাবে।’