বর্তমান সরকারের আমলে রাষ্ট্রপতি জিল্লুর রহমান যে ২১ জনের ফাঁসির দণ্ড মাফ করেছেন, তাঁদের মধ্যে ২০ জনই নাটোরের সাব্বির আহম্মেদ ওরফে গামা হত্যা মামলায় সাজাপ্রাপ্ত। এই ২০ জনের মধ্যে ১৩ জন ছিলেন একই পরিবারের সদস্য। সাব্বির বিএনপির সাবেক উপমন্ত্রী রুহুল কুদুস তালুকদার দুলুর ভাতিজা।ফাঁসির দণ্ড মাফ পাওয়া বাকি একজন লক্ষ্মীপুরের আওয়ামী লীগের নেতা আলোচিত আবু তাহেরের ছেলে এইচ এম বিপ্লব। আরও দুটি খুনের মামলায় বিপ্লবের যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করা হয়েছে। এছাড়া আরও দুটি খুনের মামলা এবং একটি এতিমখানা পোড়ানোর মামলা থেকেও বিপ্লবের নাম প্রত্যাহার করা হয়েছে।এ ধরনের ক্ষমা করার সাংবিধানিক ক্ষমতা রাষ্ট্রপতির আছে।নাটোরের গামা হত্যা: নাটোর যুবদলের নেতা সাব্বির আহম্মেদ ওরফে গামা হত্যা মামলার ফাঁসির দণ্ড মাফ পাওয়া ২০ জনের ১৯ জনই মুক্তি পেয়েছেন। একজন অন্য মামলায় কারাগারে আটক আছেন। ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারি বিকেলে সাব্বির নিজ বাড়ির অদূরে কামারপাড়া মোড়ে খুন হন। ঘটনাস্থলের পাশেই ছিল অস্থায়ী পুলিশ ফাঁড়ি। দুর্বৃত্তরা প্রকাশ্যে হত্যাকাণ্ড ঘটানোর পর সর্বহারাদের নামে স্লোগান দিতে দিতে চলে যায়।ওই মামলায় ২০০৬ সালের ২৪ আগস্ট ঢাকার দ্রুত বিচার আদালত একই পরিবারের ১৩ জনসহ ২০ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ছিলেন নাটোরের নলডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ, তাঁর সহোদর ফজলুল হক শাহ, ফারুক শাহ, ফরমাজুল শাহ, ফকরউদ্দিন ওরফে ফুটু মাস্টার, চাচা আনিসুর রহমান শাহ, চাচাতো ভাই ফয়সাল শাহ, সেন্টু শাহ, জহুরুল শাহ, জাহেদুল ইসলাম, শাজাহান শাহ, ভাতিজা সাজ্জাদ শাহ ও সোহাগ শাহ। তাঁরা সবাই নাটোর সদর উপজেলার রামশাকাজীপুর গ্রামের শাহ পরিবারের সদস্য। বাকিরা হলেন স্থানীয় আওয়ামী লীগের কর্মী আবুল হোসেন, ওহিদুর রহমান, আবদুল জলিল, শাজাহান আলী, আকবর হোসেন এবং পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এম-এল লাল পতাকা) সদস্য আতাউর রহমান ও আশরাফ হোসেন।রাষ্ট্রপতি জিল্লুর রহমান ২০১০ সালে এঁদের দণ্ডাদেশ মওকুফ করেন। এঁদের মধ্যে ১৪ জন ২০১০ সালের ৭ সেপ্টেম্বর ঢাকা ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন। বাঁকি ছয়জনের পাঁচজন পরবর্তী সময়ে ছাড়া পান। অন্য মামলা থাকায় বর্তমানে আতাউর রহমান রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। নিহতের চাচা রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধ আসামিদের কয়েকজন উচ্চ আদালতে আপিল করেছিলেন। উচ্চ আদালত শুনানি শেষে তাঁদের খালাস দিলে আমাদের কোনো কষ্ট থাকত না। এ ছাড়া এ ঘটনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে দুই শীর্ষ সন্ত্রাসী আশরাফ হোসেন ও আতাউর রহমানও খালাস পেয়েছেন। এটা সমাজের জন্য খুবই ক্ষতিকর।’দণ্ড মওকুফ পাওয়া আওয়ামী লীগের নেতা এস এম ফিরোজ বলেন, ‘সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় আমাদের আসামি করা হয়েছিল। আমরা আইন অনুসরণ করে রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছি।’