২১ জেলায় পরিবহন ধর্মঘট অব্যাহত
দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় ডাকা পরিবহন ধর্মঘট দ্বিতীয় দিনের মতো অব্যাহত আছে। ফলে ঈদের আগে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রী ও বিশেষ করে ব্যবসায়ীদের।তবে উদ্ভূত পরিস্থিতি নিয়ে যশোরের চাঁচরায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতাদের এক বৈঠক চলছে। সেখানে বরিশাল ও খুলনা বিভাগের ৫৩টি শ্রমিক সংগঠন এবং ৩০টি মালিক সমিতির নেতারা যোগ দিয়েছে। এতে সভাপতিত্ব করছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চল মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক কে এস এম শাহ আলম। চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদকে বহনকারী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হওয়া বাসটির চালক জামির হোসেনের মুক্তিসহ সারা দেশে অন্য চালকদের বিরুদ্ধে ৩০২ ধারায় করা মামলা বাতিলসহ কয়েকটি দাবিতে ২১ জেলায় পরিবহন ধর্মঘট চলছে। গত ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় ওই দুর্ঘটনায় পাঁচজন নিহত হন।ঢাকায় গতকাল বুধবার সড়ক পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের নেতারা যোগাযোগমন্ত্রীর কাছে ১১ দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপি দিয়েছেন। লিখিত দাবিগুলোর মধ্যে জামিরের মুক্তির প্রসঙ্গ ছিল না। তবে স্মারকলিপি দেওয়ার সময় পরিবহন নেতারা জামিরের মুক্তির জন্য চাপ সৃষ্টি করেন বলে জানা গেছে। নৌপরিবহনমন্ত্রী ও সড়ক পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের কার্যকরী উপদেষ্টা শাজাহান খানসহ নেতারা যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের কার্যালয়ে গিয়ে ওই স্মারকলিপি দেন।একপর্যায়ে যোগাযোগমন্ত্রীর মৌখিক আশ্বাসের পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহনের নেতারা গতকাল সকাল থেকে শুরু হওয়া ধর্মঘট দুপুর ১২টার দিকে প্রত্যাহারের ঘোষণা দেন বলে যোগাযোগ মন্ত্রণালয় থেকে জানানো হয়। কিন্তু পরে দেখা যায়, সব জেলায় ধর্মঘট প্রত্যাহার করা হয়নি।সড়ক পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের খুলনা অঞ্চলের সাধারণ সম্পাদক আবদুর রহিম বকস জানান, যোগাযোগমন্ত্রী আশ্বাস দিলেও ফেডারেশনের একটি পক্ষ এটি মানতে রাজি না হওয়ায় ধর্মঘট এখনো চলছে। ধর্মঘট পালনকারীরা রাস্তায় কেন ব্যক্তিগত গাড়িগুলো আটক করছে, এমন প্রশ্নর জবাবে তিনি বলেন, ‘জোকায় ওই দুর্ঘটনায় আটক বাসটিকে ছেড়ে না দেওয়ায় এসব গাড়ি চলতে বাধা দেওয়া হচ্ছে। ওই বাসটির তো কোনো দোষ নেই।’