২১ জেলায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়াসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় আজ মঙ্গলবার ভোর থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট বিকেল পাঁচটার দিকে প্রত্যাহার করা হয়েছে।১১ দফা দাবিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দিয়েছিল।কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাসান আবুল ফজল সেলিম ধর্মঘট প্রত্যাহারের কথা প্রথম আলো ডটকমকে জানান। তিনি জানান, যোগাযোগমন্ত্রী ১৩ অক্টোবর এ ব্যাপারে আলোচনা করতে চেয়েছেন, তাই এ পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।১ অক্টোবর সংবাদ সম্মেলনে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ ভোর ছয়টা থেকে কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় ধর্মঘট শুরু করেন পরিবহনশ্রমিকেরা। অন্য জেলাগুলো হচ্ছে—খুলনা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর। কুষ্টিয়া চৌড়হাস বাস টার্মিনাল ও মজমপুর টার্মিনালে থেকে সকালে দূরপাল্লার কোনো গাড়ি সড়কে বের হয়নি। বন্ধ থাকে আন্তঃজেলা পরিবহনগুলোও। এতে স্কুল-কলেজ ও অফিসগামী মানুষেরা বিপাকে পড়েন। সকাল আটটার দিকে মজমপুর এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন পরিবহনশ্রমিকেরা। সরেজমিনে এসব তথ্য পাওয়া গেছে। কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন জানান, ১১ দফা দাবির মধ্যে কয়েকটি দাবি হলো—দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক ভাঙচুর ও আগুন দিয়ে পোড়ানো বন্ধ করা; নছিমন-করিমনসহ ইজিবাইক চলাচল বন্ধ করা; প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলে গণপরিবহনের মতো যাত্রী বহন নিষিদ্ধ করা; দুর্ঘটনাকবলিত বাস ৪৮ ঘণ্টার মধ্যে মালিকের কাছে ফেরত দেওয়া; এক মাসের মধ্যে নতুন ড্রাইভিং লাইসেন্স প্রদান ও নবায়ন করা।