২১ ডিসেম্বর থেকে সিএনজি স্টেশনে লাগাতার ধর্মঘট
সরকার সিএনজি স্টেশনে গ্যাস রেশনিংয়ের সিদ্ধান্ত বতিল না করায় পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী ২১ ডিসেম্বর থেকে লাগাতার ধর্মঘটে যাচ্ছে সিএনজি স্টেশন মালিকেরা। আজ শনিবার ধর্মঘটের সমর্থনে রাজধানীতে একটি কার র্যালির আগে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন এ কথা জানায়।র্যালি শুরুর আগে অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, সরকার বারবার সময় নিয়েও দাবি মেনে নিচ্ছে না। তাই কঠোর আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। আর সময় দেওয়া হবে না। গত ২৩ নভেম্বর সিএনজি স্টেশনের মালিকেরা ধর্মঘটের কর্মসূচি ২০ ডিসেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছিলেন। একই সঙ্গে তাঁরা জানিয়েছিলেন, এ সময়ের মধ্যে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় ২১ ডিসেম্বর থেকে ধর্মঘট শুরু করা হবে। প্রসঙ্গত, প্রতিদিন সর্বোচ্চ বিক্রির সময় বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বাতিল করাসহ বিভিন্ন দাবিতে গত ২ অক্টোবর অ্যাসোসিয়েশনের জরুরি সাধারণ সভা থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। এই ধর্মঘট শুরু হওয়ার কথা ছিল গত ৩০ অক্টোবর থেকে। এর মধ্যে গত ২৮ অক্টোবর বিদ্যুত্ প্রতিমন্ত্রী এনামুল হকের সঙ্গে বৈঠকের পর ২৫ নভেম্বর পর্যন্ত ধর্মঘটের কর্মসূচি স্থগিত করা হয়েছিল।