২১ পদ পেয়ে জয়ী সম্মিলিত পরিষদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০১৩-১৪ সালের নির্বাচনে ২১টি পদ পেয়ে জয়লাভ করেছে সম্মিলিত পরিষদ। আজ সোমবার ভোর ছয়টার দিকে প্রধান নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আলামিন ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। বিজিএমইএর জ্যেষ্ঠ সহকারী সচিব (সিআর) শাহানারা চৌধুরী প্রথম আলো ডটকমকে সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।নির্বাচনে ২৭টি পদের মধ্যে সম্মিলিত পরিষদ পেয়েছে ২১টি ও ফোরাম পেয়েছ ছয়টি পদ। সম্মিলিত পরিষদের বিজয়ী ব্যক্তিরা হলেন: ঢাকা অঞ্চলের দলনেতা মো. আতিকুল ইসলাম, মো. সাজ্জাদুর রহমান মৃধা, এস এম মান্নান, মো. মাহবুবুর রহমান, মো. আবুল কালাম, মো. শহিদুল্লাহ আজিম, কে এম রফিকুল ইসলাম, মো. নাসির উদ্দিন, মো. মশিউল আজম, সৈয়দ সাদিক আহমেদ, মোহাম্মদ নাসির, মো. আজমত রহমান, রিয়াজ-বিন-মাহমুদ, আব্দুল্লাহ হিল রাকিব ও আরশাদ জামাল এবং চট্টগ্রাম অঞ্চলের নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, মো. আব্দুল ওহাব, মো. শেখ সাদি, অঞ্জন শেখর দাশ, সাব্বির মোস্তফা ও সৈয়দ নজরুল ইসলাম। ফোরামের বিজয়ী ব্যক্তিরা হলেন: দলনেতা মাহমুদ হাসান খান, আবদুল্লাহ আল-মাহমুদ, এম এ রহিম, ফেরদৌস পারভেজ, ভিদিয়া অমৃত খান এবং চট্টগ্রাম অঞ্চল থেকে এম মহিউদ্দিন চৌধুরী।এর আগে গতকাল রোববার সকাল আটটা থেকে ঢাকা ও চট্টগ্রামে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। ঢাকায় বিজিএমইএ ভবনের নিজস্ব মিলনায়তনে ও চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয়ে একটানা বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলে।নির্বাচনে নির্দিষ্ট সময়ে ৮৮ শতাংশ ভোট পড়ে। অর্থাত্ দুই হাজার ৮১২ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ঢাকার দুই হাজার ২৫৯ ও চট্টগ্রামের ৫৫৪ জন। সকালে যথাসময়ে ভোট গ্রহণ শুরু হলেও ভোটারদের উপস্থিতি একটু কম ছিল। সকাল ১০টা পর্যন্ত ঢাকা কেন্দ্রে ভোট পড়ে ২৪২টি। পরের এক ঘণ্টায় আরও ১০০টি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। এবারের বিজিএমইএ নির্বাচনে ২৭ পরিচালক পদের বিপরীতে দুই প্যানেল—ফোরাম ও সম্মিলিত পরিষদের ৫৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ঢাকা অঞ্চলের ২০ পদের বিপরীতে ৪০ জন এবং চট্টগ্রাম অঞ্চলের ৭ পদের বিপরীতে ১৪ জন। প্রত্যেক ভোটার মোট ২৭টি করে ভোট দেন।ফোরামের নেতৃত্ব দেন মাহমুদ হাসান খান। আর সম্মিলিত পরিষদের নেতৃত্ব দেন আতিকুল ইসলাম। দুজনই বিজিএমইএতে এর আগে সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা সংখ্যা তিন হাজার ১৯৬। এর মধ্যে ঢাকায় দুই হাজার ৫৯২ ও চট্টগ্রামের ৬০৪। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি জাহাঙ্গীর আলামিন।নির্বাচিত পরিচালকেরা ২১ মার্চ আনুষ্ঠানিকভাবে তাঁদের মধ্য থেকে নতুন সভাপতি ও তিনজন সহ-সভাপতি নির্বাচন করবেন।