২১ মাসেও শেষ হয়নি ফেলানী হত্যার তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনতে ‘সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ’ নেওয়ার আশ্বাস দিয়েছে বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শেষে গতকাল শনিবার আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন।এদিকে সংবাদ সম্মেলনে বিএসএফের মহাপরিচালক ইউ কে বনশল জানিয়েছেন, সীমান্তে বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যায় অভিযুক্ত বিএসএফের সদস্যদের বিরুদ্ধে তদন্ত এখনো শেষ হয়নি। ২১ মাস আগে কুড়িগ্রামের ফুলবাড়ীর অনন্তপুর সীমান্তে বিএসএফের সদস্যদের গুলিতে নিহত হয় ফেলানী। বিশেষ করে হত্যার ধরনের কারণে বিষয়টি দেশে-বিদেশে ব্যাপকভাবে আলোচিত হয়।রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবি ও বিএসএফের যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, নিরস্ত্র বাংলাদেশিদের হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বিএসএফ। দুই দেশের সীমান্তরক্ষীদের চার দিনের সম্মেলনে নিরস্ত্র বাংলাদেশিদের হত্যাকাণ্ডের বিষয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ জানিয়েছে বলে উল্লেখ করেন বিজিবির মহাপরিচালক। সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বত্তৃতায় তিনি বলেন, ‘এ ধরনের হত্যাকাণ্ড যে গ্রহণযোগ্য নয়, সেটি বলেছি। সেই সঙ্গে এ ঘটনা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে দূরত্ব সৃষ্টি করার পাশাপাশি অন্য যেকোনো ধরনের প্রভাব ফেলতে পারে, সেটিও উল্লেখ করেছি। এ ব্যাপারে বিএসএফ-প্রধান সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।’বিজিবি-প্রধান বলেন, দুই পক্ষ সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সমন্বিত টহলসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সম্মত হয়েছে। এ ছাড়া বাংলাদেশের কোনো নাগরিক সীমান্ত পেরিয়ে ওপারে ঢুকে পড়লে নির্যাতন না চালিয়ে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের বাংলাদেশ বা ভারতের পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যাপারে উভয় পক্ষ একমত হয়েছে। এদিকে প্রায় দুই বছর আগের ফেলানী হত্যার বিষয়ে জানতে চাইলে বিএসএফ-প্রধান ইউ কে বনশল বলেন, ‘এ ব্যাপারে এখনো আদালতে তদন্ত চলছে। বিষয়টি নিয়ে সাক্ষ্য নেওয়া হচ্ছে। শিগগিরই চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।’২০১১ সালের ৭ জানুয়ারি বিএসএফের গুলিতে নিহত ফেলানীর লাশ বেশ কয়েক ঘণ্টা সীমান্তের কাঁটাতারের বেড়ায় ঝুলে ছিল। এ ঘটনায় ব্যাপক সমালোচনার পরিপ্রেক্ষিতে তদন্তের উদ্যোগ নেয় বিএসএফ কর্তৃপক্ষ। সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের জন্য সাম্প্রতিক বছরগুলোতে কয়টি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং এসব আদালতে কতজনকে শাস্তি দেওয়া হয়েছে, জানতে চাইলে বিএসএফ-প্রধান বলেন, এ ব্যাপারে তাঁর কাছে কোনো তথ্য নেই। তবে বিএসএফের মহাপরিচালকের কথায় আভাস পাওয়া যায়, সীমান্তে বাংলাদেশি হত্যা প্রসঙ্গে সচরাচর তদন্ত আদালত গঠন করা হয় না। বানসাল বলেন, ‘(বিএসএফ সদস্যদের) কোনো ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত ভুলের তদন্ত করা হয় অভ্যন্তরীণভাবে। আত্মরক্ষার অধিকার সবার আছে। আর আত্মরক্ষার স্বার্থে কেউ পাল্টা পদক্ষেপ নিলে আমরা শাস্তি দিই না। তবে তদন্তে যদি বেরিয়ে আসে অহেতুক গুলির ঘটনা ঘটেছে, তখন আমরা ব্যবস্থা নিই।’ গত দুই বছরে সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ডের সংখ্যা নাটকীয়ভাবে কমেছে বলে মন্তব্য করেন বিএসএফ-প্রধান। তাঁর তথ্য অনুযায়ী, এ বছর সীমান্তে ছয় বাংলাদেশির হতাহতের ঘটনা ঘটেছে। এসব ঘটনার কোনোটিতেই বিএসএফ সদস্যদের দোষ খুঁজে পাওয়া যায়নি। জানা গেছে, বরাবরের মতো এবারকার বৈঠকেও বাংলাদেশের মাটিতে ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদীদের কথিত ঘাঁটি থাকার বিষয়টি তুলেছে বিএসএফ। কিন্তু বিজিবি জানিয়েছে, বিএসএফের তালিকা অনুযায়ী খোঁজ নিয়ে সে রকম কোনো ঘাঁটির অস্তিত্ব পাওয়া যায়নি। জানতে চাইলে বিজিবির মহাপরিচালক আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশের মাটিতে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের কথিত ঘাঁটির তালিকা দিয়েছিল বিএসএফ। গত ছয়-সাত মাসে অভিযান চালিয়ে এ ধরনের কোনো ঘাঁটির উপস্থিতি খুঁজে পাওয়া যায়নি। বাংলাদেশ কোনোভাবেই তার মাটিতে কোনো বিচ্ছিন্নতাবাদীকে আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর। বিজিবি-প্রধান আরও জানান, বাংলাদেশের অপরাধী, সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদীদের ভারতের মাটিতে আশ্রয় না দিতে সম্মেলনে বিএসএফকে অনুরোধ জানানো হয়েছে।