২১ সরকারি পুকুর ২২ বছর ধরে অবৈধ দখলে
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ২১টি সরকারি জলাশয় (পুকুর) প্রায় ২২ বছর ধরে নিয়মবহির্ভূতভাবে একটি বেসরকারি সংস্থার দখলে রয়েছে। পুকুরগুলো ভূমি মন্ত্রণালয়ের অধীন খাসজমিভুক্ত হলেও তা ওই সংস্থার কাছে ইজারা দেয় মত্স্য ও পশুসম্পদ মন্ত্রণালয়। ইজারার মেয়াদ শেষ হওয়ার পর মন্ত্রণালয়ের এক নির্দেশের কারণে পুকুরগুলো এখনো ওই প্রতিষ্ঠানের দখলে রয়েছে।এ ব্যাপারে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ওই ২১টি পুকুর খাসপুকুরের মালিকানা ভূমি মন্ত্রণালয়ের হলেও মত্স্য ও পশুসম্পদ মন্ত্রণালয় থেকে তা ইজারা দেওয়া হয়েছে। কত টাকা বা কীভাবে দেওয়া হয়েছে, এর কোনো কাগজ তাঁদের কাছে নেই। তিনি বলেন, এ ব্যাপারে অনেক চিঠি লেখা হয়েছে, কিন্তু পুকুরগুলো দখলে পাওয়া যায়নি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি বেসরকারি সংস্থার কাছে পুকুরগুলো থাকার কারণে সরকার প্রায় ১২ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে।বগুড়া জেলা ও নন্দীগ্রাম উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালে মত্স্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের এক নির্দেশে বেসরকারি প্রতিষ্ঠান গ্রামীণ মত্স্য ও পশুসম্পদ ফাউন্ডেশনকে নন্দীগ্রামের ২১টি বড় জলাশয় ইজারা দেওয়ার কথা জানানো হয়। এ ব্যাপারে মন্ত্রণালয়ের সঙ্গে ওই প্রতিষ্ঠানের কী চুক্তি হয়েছিল, স্থানীয় প্রশাসন তাত্ক্ষণিকভাবে তা জানাতে পারেনি। পরে বিভিন্ন সূত্রে জানা যায়, এসব জলাশয় ১০ বছর মেয়াদে ওই প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়া হয়। কোনো দরপত্র না ডেকে এভাবে একতরফাভাবে মাত্র ২৪ হাজার ৭০০ টাকায় এসব জলাশয় ইজারা দেওয়ায় স্থানীয় মত্স্যজীবী সমবায় সমিতিগুলো প্রতিবাদ জানায়।এ ব্যাপারে জাতীয় মত্স্যজীবী সমিতির কেন্দ্রীয় সভাপতি বগুড়ার বাসিন্দা আমির হোসেন মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘দরপত্র না ডেকে এই একতরফা ইজারার বিরুদ্ধে ওই সময় জেলা প্রশাসকের মাধ্যমে আমরা ওই মন্ত্রণালয়ে লিখিতভাবে প্রতিবাদ জানাই। জেলা প্রশাসন থেকে আমাদের জানানো হয়, ওপর মহল থেকে পুকুরগুলো ইজারা দেওয়ায় তাদের কিছু করার নেই।’ নন্দীগ্রাম তালপুকুর যুব উন্নয়ন সমবায় সমিতির সভাপতি শাহজাহান আলীও একই কথা বলেন।খোঁজ নিয়ে জানা গেছে, জেলা প্রশাসন এসব জলাশয় তাদের দখলে নিতে মত্স্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ে অনেক চিঠি দিয়েছে। কিন্তু এ ব্যাপারে ওই মন্ত্রণালয় থেকে আশাব্যঞ্জক সাড়া মেলেনি। ২০০৮ সালের ১৭ সেপ্টেম্বর মত্স্য ও পশুসম্পদ মন্ত্রণালয় এক চিঠিতে গ্রামীণ মত্স্য ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালককে পুকুরগুলোর দখল বগুড়া জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করার নির্দেশ দেয়। এরই পরিপ্রেক্ষিতে নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের কাছ থেকে পুকুরগুলো নিয়ে নেয় জেলা প্রশাসন। ২০০৮ সালের নভেম্বরে পুকুরগুলো ইজারা দেওয়ার ব্যাপারে পত্রিকায় দরপত্র আহ্বান করে তারা।খোঁজ নিয়ে জানা যায়, ২০০৮ সালের ১১ নভেম্বর ২১টি পুকুরের ব্যাপারে মত্স্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ে এক বিশেষ সভা হয়। সভার সভাপতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরীক্ষিত দত্ত চৌধুরী মন্তব্য করেন, পুকুরগুলোর মালিকানা মত্স্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের কেমন করে হলো, তা জানা প্রয়োজন। কারণ এই জমি ভূমি মন্ত্রণালয়ের। সভায় একই মন্ত্রণালয়ের উপসচিব ধীরেন্দ্র নাথ দাস জানান, গ্রামীণ মত্স্য ফাউন্ডেশনের ইজারা চুক্তির মেয়াদ ২০০৭ সালের ৫ ডিসেম্বর শেষ হয়েছে। এতে পুকুরগুলোর ওপর গ্রামীণ মত্স্য ফাউন্ডেশনের কোনো দাবি থাকতে পারে না। তিনি বলেন, চুক্তিটি আইনের দৃষ্টিতে এখন গ্রহণযোগ্য নয়। ওই সভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ মুনীর চৌধুরী। সভায় তিনি জানান, বগুড়া জেলা প্রশাসন বিধিসম্মতভাবে পুকুরগুলোর দখল নিয়েছে। পুকুরগুলো ১ নম্বর খাস খতিয়ানভুক্ত হওয়ায় তা ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ওই সভায় পুকুরগুলোর ইজারা কার্যক্রম স্থগিত রাখতে বগুড়ার জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়। পরে এ ব্যাপারে ওই মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসককে একটি চিঠিও দেওয়া হয় বলে মুনীর চৌধুরী জানান। এতে পুকুরগুলো আবার গ্রামীণ মত্স্য ফাউন্ডেশনের দখলে চলে যায়।জেলা প্রশাসন সূত্র জানায়, ২০০৯ সালের জানুয়ারিতে ওই মন্ত্রণালয়ের কাছে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক চিঠিতে জানানো হয়, পুকুরগুলো ইজারা না দেওয়ায় সরকার বছরে প্রায় কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এই অচলাবস্থা দূর করতে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করা হয়। এ ব্যাপারে নন্দীগ্রাম উপজেলা মত্স্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি তাদের আওতায় নেই। মন্ত্রণালয় থেকে সবকিছু করা হয়। উপজেলা জলমহাল যে কমিটি রয়েছে, এতে তিনি একজন সদস্য। এসব জলমহাল যে ইজারা দেওয়া হয়েছে, তা তাঁদের জানানো হয়নি।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুস সবুর বলেন, আগের নীতিমালা অনুযায়ী এসব জলমহাল মত্স্যজীবী সমবায় সমিতির মধ্যে ইজারা দেওয়ার কথা। কিন্তু মন্ত্রণালয় থেকে সরাসরি এসব জলাশয় ইজারা দেওয়ায় তাঁদের কিছু করার নেই। তিনি জানান, গত বছর এসব জলাশয় ইজারা দেওয়ার জন্য প্রশাসন থেকে দরপত্র আহ্বান করা হলেও উচ্চপর্যায়ের নির্দেশে তা বাতিল করা হয়। গ্রামীণ মত্স্য ফাউন্ডেশনের সঙ্গে আগের ইজারা নবায়ন করা হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।গ্রামীণ মত্স্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের নন্দীগ্রাম এলাকার ব্যবস্থাপক প্রভাত সাহা জানান, তিনি নন্দীগ্রাম এলাকার পুকুরগুলো দেখাশোনার দায়িত্ব পালন করেন। ইজারা বা চুক্তির বিষয় তাঁর জানার কথা নয়। তবে তিনি শুনেছেন, এই ইজারা মন্ত্রণালয় থেকে স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয় থেকে নতুন কোনো সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পুকুরগুলো তাঁদের দখলে থাকবে বলে তিনি জানান। এ ব্যাপারে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মাদ মোশাররফ হোসেন বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে পুকুরগুলো ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও মন্ত্রণালয় থেকে তা বন্ধ করা হয়েছে। বিষয়টি সরকারের উচ্চ মহলে জানিয়েছি।’