২১ সাংসদের কাছে টেলিফোন বিল বকেয়া ৩৮ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তম ও অষ্টম জাতীয় সংসদের মোট ২১ জন সাংসদের কাছে টেলিফোন বিল বাবদ ৩৮ লাখ ছয় হাজার ৩২৩ টাকা অনাদায়ী রয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ।জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বে শহীদুজ্জামান সরকারের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। বিকেল পাঁচটার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।টেলিযোগাযোগমন্ত্রী জানান, এই ২১ জনের মধ্যে নবম সংসদের হুইপ আ স ম ফিরোজ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রহমত আলী রয়েছেন। আ স ম ফিরোজের কাছে এক লাখ ৮৯ হাজার ৬৪৪ টাকা ও রহমত আলীর কাছে তিন হাজার ৪১১ টাকা পাওনা রয়েছে। সপ্তম সংসদের ১২ জনের কাছে পাওনা ১৮ লাখ পাঁচ হাজার ৯১৩ টাকা এবং অষ্টম সংসদের নয়জন সদস্যের কাছে পাওনা রয়েছে ২০ লাখ ৪১০ টাকা।মন্ত্রী জানান, সর্বোচ্চ নয় লাখ এক হাজার ৮৫ টাকা বকেয়া রয়েছে সপ্তম ও অষ্টম সংসদে রাজশাহী-৪ আসনের বিএনপির নাদিম মোস্তফার কাছে। এর মধ্যে অষ্টম সংসদে তাঁর কাছে পাওনা পাঁচ লাখ তিন হাজার ৬১৫ টাকা। অষ্টম সংসদে নওগাঁ-২ আসনের বিএনপির মো. সামসুজ্জোহা খানের কাছে পাওনা সাত লাখ সাত হাজার ৬২ টাকা। তৃতীয় অবস্থানে আছেন অষ্টম সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের বিএনপির মো. আশরাফ হোসেন। তাঁর কাছে পাওনা চার লাখ সাত হাজার ৩৩৭ টাকা।সপ্তম সংসদে ফেনী-২ আসনের জয়নাল আবেদীন হাজারীর কাছে এক লাখ ৯৭ হাজার ৭৪২ টাকা, পাবনা-৩ আসনের মো. ওয়াজিউদ্দিন খানের কাছে এক লাখ সাত হাজার ১৯ টাকা, নীলফামারী-২ আসনের আহসান আহমেদের কাছে এক লাখ ৭৮ হাজার ২৪ টাকা, সংরক্ষিত আসনের পান্না কায়সারের কাছে এক লাখ ৭৬ হাজার ৪৯৫ টাকা, সংরক্ষিত আসনের খালেদা খানমের কাছে চার হাজার ৭৪৮ টাকা, কিশোরগঞ্জ-৪ আসনের মিজানুল হকের কাছে তিন লাখ তিন হাজার ৫৫১ টাকা, বরিশাল-৬ আসনের সৈয়দ মাসুদ রেজার কাছে এক লাখ ৮৯ হাজার ৬৪৪ টাকা, লক্ষ্মীপুর-৩ আসনের খায়রুল এনামের কাছে ৬৯ হাজার ৯৫২ টাকা, ঢাকা-১৩ আসনের জিয়াউর রহমান খানের কাছে ১০ হাজার ছয় টাকা ও সংরক্ষিত আসনের ফরিদা রউফ আশার কাছে ২৪ হাজার ৫৯১ টাকা পাওনা রয়েছে।অষ্টম সংসদের সংরক্ষিত আসনের রোজি কবিরের কাছে ১৩ হাজার ৬৫৮ টাকা, কুড়িগ্রাম-৪ আসনের গোলাম হাবিব দুলালের কাছে ৩১ হাজার ২৭৪ টাকা, যশোর-১ আসনের মো. আলী কদরের কাছে এক লাখ ৮৬ হাজার ৫৮৭ টাকা, কুষ্টিয়া-২ আসনের শহীদুল ইসলামের কাছে ৮৩৮ টাকা এবং চুয়াডাঙ্গা-১ আসনের শহীদুল ইসলাম বিশ্বাসের কাছে এক লাখ ৪৬ হাজার ৬২৮ টাকা বকেয়া রয়েছে।মুঠোফোনের কল থেকে আয়: নূর-ই-হাসনা লিলি চৌধুরীর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী জানান, মোবাইল ফোনের (মুঠোফোন) কল থেকে ২০১০-১১ অর্থবছরে সরকারের আয় হয়েছে এক হাজার ১৫ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৫৬৬ টাকা। মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী জুনের মধ্যে মুঠোফোনে থ্রিজি প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে এই খাতের বিনিয়োগকারীদের লাইসেন্স দেওয়া সম্ভব হবে। থ্রিজি লাইসেন্স দেওয়ার লক্ষ্যে এ-সংক্রান্ত নীতিমালা প্রণয়নে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কাজ করছে।শাহ আলমের প্রশ্নের জবাবে রাজিউদ্দিন আহমেদ জানান, বর্তমানে সরকারি মুঠোফোন কোম্পানি টেলিটকের সক্রিয় গ্রাহকসংখ্যা ১২ লাখ। ৬৪ জেলার ৫০০ উপজেলার মধ্যে ৪৪৮টি উপজেলায় টেলিটকের নেটওয়ার্ক আছে। চলতি বছরের মধ্যেই সারা দেশ টেলিটকের নেটওয়ার্কের আওতায় চলে আসবে।